ভ্যাকসিন আনার ব্যাপারে সরকার প্রস্তুতি নিয়েছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে ভ্যাকসিন আসা মাত্রই বাংলাদেশের জনগণ যাতে সহজেই পায় সে ব্যাপারে সরকার সব প্রস্তুতি গ্রহণ করেছে।
তিনি বলেন, ভ্যাকসিন প্রাপ্তিকে সহজ ও দ্রুত সময়ের মধ্যে জনগণের নাগালে পৌঁছে দিতে সরকারি ও বেসরকারিভাবে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, বৈশ্বিক এ মহামারি সত্ত্বেও বাংলাদেশ আজকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফরেন কারেন্সি রিজার্ভ ৪১ বিলিয়ন ডলারে পৌঁছেছে শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব।
তিনি বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের কার্যক্রম অব্যাহত রেখেছে।
ওবায়দুল কাদের শহীদ ডা. মিলনের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং অভিনেতা আলি যাকেরের মৃত্যুতেও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সামছুন্নাহার চাঁপা এবং উপ- দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।



