ভারতের উপহারের আরও ৪০ অ্যাম্বুলেন্স আসছে বৃহস্পতিবার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপহারের আরো ৪০টি অ্যাম্বুলেন্স এখন পেট্রাপোলে এসেছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) এসব অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে।
বুধবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।
বিজ্ঞপ্তিতে ভারতীয় হাইকমিশন জানায়, গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরকালে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে প্রথম চালানে গত ১৭ আগস্ট ৩১টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। দ্বিতীয় চালানে আরও ৪০টি অ্যাম্বুলেন্স এখন পেট্রাপোলে এসে পৌঁছেছে। বেনাপোল স্থল শুল্ক চেকপোস্টে ছাড়পত্র পাওয়ার পর এগুলো বৃহস্পতিবার ঢাকার উদ্দেশে রওনা হবে।
বাকি ৩৮টি অ্যাম্বুলেন্স সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকায় পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এই অ্যাম্বুলেন্সগুলো কোভিড মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের ব্যাপক প্রচেষ্টাকে সমর্থন করার উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। এই উপহার বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ জনগণের সহায়তার জন্য ভারতের অব্যাহত এবং দীর্ঘমেয়াদী অঙ্গীকারের প্রতিফলন করে।



