বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব

অবশেষে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাকিব আল হাসান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাকে অধিনায়ক ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
এর আগে বিকাল ৩টা ১১ মিনিটে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের আইবি ভবনে অবস্থিত বাসভবনে আসেন সাকিব। সেখানে অধিনায়কত্বের ইস্যুতে নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকে বসেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন দুই পরিচালক খালেদ মাহমুদ সুজন ও জালাল ইউনুস। সঙ্গে ছিলেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। বিকাল ৪টার পর শুরু হয় এই বৈঠক।
পরে বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, সাকিবের কাঁধেই উঠছে কুড়ি ওভারের ফরম্যাটের দায়িত্ব। তবে পূর্ণ মেয়াদে নয়, আসন্ন এশিয়া কাপ, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপের জন্য অধিনায়ক করা হয়েছে সাকিবকে।
সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় সাকিবের প্রতি আস্থা সংকটে ভুগছে বিসিবি। বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি করে বিপাকে পড়ে যান বিশ্বসেরা অলরাউন্ডার। চুক্তি বাতিল করলেও এখনো রয়েছে কিছুটা আস্থা সংকট, বিসিবি সভাপতি সাকিবকে করা নজরদারিতে রাখার কথাও বলেছেন।



