আড়াই দশকে হামের সর্বোচ্চ সংক্রমণ, শীর্ষ পাঁচে বাংলাদেশ
★ হামে আক্রান্ত ৫০ হাজার ছাড়াল

➤➤ দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে এক ভয়াবহ রূপ ধারণ করেছে। মৃত্যু ৪০০ ছাড়িয়েছে। চিকিৎসা ও টিকা ব্যবস্থাপনা নিয়ে হিমশিম খাচ্ছে সরকার।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৬ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৭ হাজার ১৫০ জনের শরীরে। গত দুই মাসে এই রোগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা গত আড়াই দশকের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
গত ২৪ ঘণ্টার পরিস্থিতি
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জন নিশ্চিত হাম রোগী ছিলেন এবং বাকি ৭ জন ছিলেন হামের উপসর্গযুক্ত।
➤➤ হামের ভয়াল থাবায় নিভে গেল ৩৫২ শিশুর জীবনপ্রদীপ
একই সময়ে নতুন করে ১ হাজার ৪৮৯ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন এবং নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে ১২৬ জন। অধিদপ্তরের তথ্যমতে, গত দুই মাসে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৫৪ জন, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ হাজার ৮৩২ জন।
মৃত্যুর ভয়ংকর পরিসংখ্যান
গত ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩২ জনে (সন্দেহজনক ৩৬৩ জন এবং নিশ্চিত ৬৯ জন)।
বিশেষজ্ঞদের মতে, আক্রান্ত ও মৃতদের সিংহভাগই শিশু। জাতীয় টিকাদান-সংক্রান্ত কারিগরি উপদেষ্টা গ্রুপের (নাইট্যাগ) সিদ্ধান্ত অনুযায়ী, প্রাদুর্ভাবের এই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যুকেও হামে মৃত্যু হিসেবে গণ্য করা হচ্ছে।

বিশ্বের ‘শীর্ষ ৫’ তালিকায় বাংলাদেশ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার গত এক দশকের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বছরে ৫০ হাজারের বেশি হাম রোগী পাওয়া গেছে এমন দেশের সংখ্যা খুবই নগণ্য।
বাংলাদেশ এখন বিশ্বের সেই গুটিকয়েক দেশের তালিকায় যুক্ত হলো যারা এই অনাকাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করেছে। ইতিপূর্বে কেবল ভারত, ইউক্রেন, মাদাগাস্কার এবং কঙ্গো প্রজাতন্ত্রে বছরে ৫০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছিল।
কেন এই ভয়াবহ পরিস্থিতি?
জনস্বাস্থ্যবিদদের মতে, গত আড়াই দশকে দেশে এমন পরিস্থিতি তৈরি হয়নি। ২০০৫ সালে সর্বোচ্চ ২৫ হাজার ৯৩৪ জন রোগী পাওয়া গিয়েছিল, যার পর থেকে সংক্রমণের হার নিয়মিত কমছিল। ২০২৫ সালে এই সংখ্যা ছিল মাত্র ১৩২।
জনস্বাস্থ্যবিদ অধ্যাপক বেনজীর আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময় নিয়মিত টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়া এই মহামারির অন্যতম প্রধান কারণ। শিশুদের মধ্যে পুষ্টির ঘাটতি সংক্রমণ ও মৃত্যুকে ত্বরান্বিত করেছে।
➤➤ ইউনূস সরকারের ব্যর্থতায় হামের প্রাদুর্ভাব, শিশু মৃত্যু
বিশেষজ্ঞরা মনে করেন, পরিস্থিতিকে ‘স্বাস্থ্য জরুরি অবস্থা’ বা ‘মহামারি’ ঘোষণা করে ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী চিকিৎসা দিলে মৃত্যু অনেকটা কমানো যেত।
বিশেষজ্ঞদের উদ্বেগ ও পরামর্শ
আইইডিসিআর-এর সাবেক প্রধান অধ্যাপক মাহমুদুর রহমান এই সংক্রমণকে ‘মারাত্মক’ হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে, জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন মনে করেন, চিকিৎসাব্যবস্থার বিকেন্দ্রীকরণ এবং দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা নিশ্চিত করতে পারলে ৪০ শতাংশ মৃত্যু ঠেকানো সম্ভব হতো, যারা ভর্তির দুই দিনের মধ্যেই মারা যাচ্ছে।
সরকারকে অবিলম্বে হাম নির্মূলে ক্রাশ প্রোগ্রাম হাতে নেওয়ার এবং আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ টিকাদান ক্যাম্পেইন পরিচালনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বর্তমান সরকারকে এই শিশুমৃত্যুর দায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
নিউজ নাউ বাংলা/এফওয়াই/ জেডআরসি/ ১৩ মে ২০২৬



