ইভ্যালির রাসেলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলকে, ধানমন্ডি থানার প্রতারণার আরেক মামলায়, একদিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৩ সেপ্টম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম হাসিবুল হক শুনানি শেষে এ আদেশ দেন।
ধানমন্ডি থানার প্রতারণার মামলায় একদিনের রিমান্ড শেষে, আজ তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হলে, তদন্ত কর্মকর্তা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন ।
এসময় ধানমন্ডি থানার প্রতারণার আরেক মামলায় তাকে ফের পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে তিনদিনের মধ্যে একদিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
এর আগে ২১ সেপ্টেম্বর ধানমন্ডি থানার প্রতারণার মামলায় মোহাম্মদ রাসেলকে একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।
এদিকে রাসেলের স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
ওই দিন গুলশান থানার প্রতারণার মামলায় তিনদিনের রিমান্ড শেষে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর ধানমন্ডি থানার প্রতারণার আরেক মামলায় তাদের সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।
সেসময় তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রাসেলের জামিন আবেদন নামঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন এবং শামীমার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১৬ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে এ দম্পতিকে গ্রেফতার করা হয়। এরআগে গত ১৫ সেপ্টেম্বর রাতে আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা করেন।


