গতকালের চেয়ে কমলো করোনায় আক্রান্তের সংখ্যা

সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৬৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের তুলনায় সংখ্যা কমেছে। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৬৬০ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতি এই ভাইরাসে মারা গেছেন আরও ১১ জন। ফলে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২৫০ জন। আর আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৫ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩ হাজার ১৪৭ জন।
মঙ্গলভার (১২ মে) দুপুরে, করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, নতুন মৃত ১১ জনের মধ্যে ৭ পুরুষ; ৪ জন নারী। এদের মধ্যে ঢাকা শহরের পাঁচজন, নারায়ণগঞ্জের একজন, নরসিংদীর একজন। চট্টগ্রাম বিভাগের দুজন এবং সিলেট বিভাগের একজন।
আর বয়স বিশ্লেষণে ৫১-৬০ বছরের মধ্যে তিনজন, ৬১-৭০ বছরের মধ্যে পাঁচজন, ৭১-৮০ বছরের মধ্যে দুইজন এবং ৮১-৯০ বছরের মধ্যে একজন।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছিল ছয় হাজার ৮৪৫টি, তার মধ্যে পরীক্ষা করা হয়েছে ছয় হাজার ৭৭৩টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক লাখ ৩৬ হাজার ৬৩৮টি।
গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে এসেছে ১৫২ জন, আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২ হাজার ৩৬১ জন; মোট ছাড় পেয়েছেন ১ হাজার ২৫৬ জন।
চব্বিশ ঘণ্টায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ১ হাজার ৬৬৬ জনকে, ছাড় পেয়েছেন ৩ হাজার ৬৫ জন। এ পর্যন্ত মোট কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৮৫ জনকে। ছাড় পেয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৬৭৯ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৪৫ হাজার ৩৮৫ জন।



