বিএসএফ নিয়ে বিরূপ মন্তব্য করায় অপর্ণা সেনের বিরুদ্ধে মামলা

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) নিয়ে বিরূপ মন্তব্য করার কারণে অভিনেত্রী-নির্মাতা অপর্ণা সেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এ মামলা দায়ের করেন পৃথ্বীশ দাস নামে এক আইনজীবী। ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর প্রকাশ করেছে।
সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও পাঞ্জাবের সীমান্তরক্ষীদের ক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়। আর এমন সিদ্ধান্ত পছন্দ হয়নি অপর্ণার। গত সোমবার (১৫ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলতে গিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। তারই পরিপ্রেক্ষিতে এই মামলা দায়ের করেন পৃথ্বীশ।
এদিন অপর্ণা সেন বলেন-‘মিলিটারিদের যতটা ক্ষমতা দেওয়া উচিত, তার চেয়ে বেশি দেওয়া হচ্ছে। ছিটমহলের বাসিন্দাদের কথা ভাবলেই শিউরে উঠি। এমনিতেই তাদের অবস্থা খুব খারাপ। তার ওপর বিএসএফদের ক্ষমতা বাড়ালে তা আরো দুর্বিষহ হয়ে উঠবে।’ পাশাপাশি এ বিষয়ে মমতা সরকারকে সীমান্তবাসীদের কথা ভেবে দেখার অনুরোধও জানান অপর্ণা।
মামলাকারী পৃথ্বীশ দাসের দাবি-‘কেন্দ্রীয় বাহিনীকে অসম্মান করেছেন অপর্ণা সেন। আগামী ৭ দিনের মধ্যে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।’ তবে এ বিষয়ে এখনো মুখ খুলেননি অপর্ণা।



