বিএনপি নিজেদের ‘অপরাধ’ অন্যের ওপর চাপায়: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিজেদের অপরাধ অন্যের ওপর চাপানো বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে ।
সোমবার (১৫ নভেম্বর) নাটোর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিনিধি সম্মেলনে যুক্ত হন।
ওবায়দুল কাদের বলেন, ‘জনগণকে আগুনে পুডিয়ে বিএনপি জনগণের জন্য আন্দোলন করছে, এটা তাদের তামাশা ছাড়া আর কিছু নয়। আগুন সন্ত্রাস ও অপকর্ম যারা করে, তাদের পৃষ্ঠপোষকদেরও খুঁজে বের করা হবে। ঘোলা পানিতে মাছ শিকারের কু-মতলব আবারও শুরু করেছে বিএনপি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দুঃসময়ের ত্যাগী নেতাদের মূল্যায়ণ করুন, এরাই বিপদে পাশে থাকবে, আর সুবিধাভোগীদের হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যাবে না। ক্ষমতার দাপট দেখাবেন না, ক্ষমতা চিরস্থায়ী নয়। সকল কলহ থেকে বের হয়ে এসে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা সরকার অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রমাণ করেছেন অপরাধীদের দলে কোনভাবেই স্থান হবে না। শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই কলহ কোন্দলে জর্জরিত আওয়ামী লীগকে এক সুতোয় ঐক্যবদ্ধ করেছিলেন। তাই তো আওয়ামী লীগ আজ জনগণের সংগঠনে পরিণত হয়েছে। করোনাকালেও অর্থনৈতিক চাকা সচল রয়েছে তার বিজ্ঞ নেতৃত্বে।’


