ইকোবিজ

পূবালী ব্যাংকের বন্ড অনুমোদন

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের পূবালী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির ৮০২তম কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পূবালী ব্যাংকের বন্ডটি হবে আনসিকিউরড, কন্টিনজেন্ট-কনভার্টিবল ও ফুললি কিউমিলেটিভ বন্ড। এই বন্ডটি হবে বে-মেয়াদি। এটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে।

বন্ডটির ৪৫০ কোটি টাকার লট প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ করা হবে। বাকী ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে।

এই বন্ড ইস্যুর মাধ্যমে পূবালী ব্যাংক মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। বন্ডটির কুপন হার হবে ৬ থেকে ১০ শতাংশের মধ্যে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে পূবালী ব্যাংক লিমিটেডের অ্যাডিশনাল টায়ার-১ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে গ্রীণ ডেল্টা ক্যাপিটাল লিমিটেড।

অ্যারেঞ্জার, ইস্যু ম্যানেজার ও আন্ডাররাইটার হিসেবে কাজ করছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

 

Related Articles

Leave a Reply

Back to top button