বাজেটের কপি ছিঁড়ে বিএনপির এমপিদের প্রতিবাদ

জাতীয় সংসদে পাস হওয়া ২০২০-২১ অর্থবছরের জাতীয় বাজেটের কপি ছিঁড়ে প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা।
বুধবার (০১ জুলাই) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সামনের সড়কে দাঁড়িয়ে বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ জানান বিএনপির সংসদ সদস্যরা। এসময় দলের কয়েকজন সংসদ সদস্য একসঙ্গে বাজেটের কপি ছিঁড়ে ফেলেন।
সংসদীয় দলের নেতা হারুন অর রশীদ বলেন, পৃথিবীর ইতিহাসে এ ধরনের বাজেট কোথাও পাস হয়নি। মঙ্গলবার যে বাজেট পাশ হয়েছে তা অপ্রত্যাশিত, অকল্পনীয়। গত বাজেটের চেয়ে এই বাজেটে প্রায় ২৪ শতাংশ অধিক বরাদ্দের কথা বলা হয়েছে। এটি অবাস্তব। এটা বাস্তবায়ন কোনোদিনই সম্ভব নয়। এটি আমরা প্রত্যাখান করছি।
তিনি বলেন, আজকে গোটা জাতি একটি সংকটের মধ্যে কিন্তু আমি যেটা উপলব্ধি করলাম সরকার এ সংকটের মধ্যে যারা সংকট নিরসনে কাজ করতে চায়, জাতিকে পরামর্শ দিতে চায়, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। আজকে স্বাস্থ্যখাতের যে বেহাল দশা তার বিরুদ্ধে আমি কথা বলেছি। সংসদে দাঁড়িয়ে আমি প্রথম স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছি এবং গোটা স্বাস্থ্য বিভাগকে সংস্কারের
কথা বলেছি। আজকে তথাকথিত বিরোধী দলও দাবি জানিয়েছে।
হারুন অর রশীদ বলেন, শ ম রেজাউল করিম পূর্তমন্ত্রণালয়ের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন যে কারণে পূর্তমন্ত্রণালয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। সরকার দুর্নীতির কাছে আত্মসমর্পন করে তাকে সেখান থেকে সরিয়েছে। আজকে বলা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। কিন্তু বাস্তবে কি তা সত্য? আজকে এই সংসদের মধ্যেই চিহ্নিত সরকারি সম্পদ লুটপাটকারী, চিহ্নিত মানবপাচারকারীরা রয়েছে, চিহ্নিত ব্যাংকলুটকারীরা রয়েছে। তারাই এখন ক্ষমতাধর, তারাই রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পালন করছে।
তিনি বলেন, আমরা আবারও দাবি জানাচ্ছি, করোনা নিয়ন্ত্রণের জন্য রোডম্যাপ দিতে হবে। করোনা নিয়ন্ত্রণ, করোনায় যাতে মানুষ মারা না যায় তার জন্য সরকারকে সুনির্দিষ্ট পরিকল্পনা করতে হবে। অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীকে অপসারণ করে যোগ্য ব্যক্তিদের এই দুঃসময়ে দায়িত্ব দিতে হবে। একইসঙ্গে গোটা স্বাস্থ্য বিভাগকে সংস্কার করতে হবে।
লিখিত বক্তব্যে সংরক্ষিত আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য (এমপি) রুমিন ফারহানা বলেন, বাজেট অধিবেশন সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিবেশন। এ অধিবেশনে দীর্ঘ আলোচনার মাধ্যমে বাজেটের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ জাতির স্বার্থেই খুব জরুরি। করোনাকালীন স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় নিয়ে এবারের বাজেট অধিবেশন অতি সংক্ষিপ্ত করতে চেয়েছে সরকার। কিন্তু আমাদের পক্ষ থেকে এ অধিবেশন ডিজিটাল বা ভার্চ্যুয়ালি করার প্রস্তাব দিলেও তা গ্রহণ করা হয়নি।
মাত্র একদিন (২৩ জুন) বাজেটের সাধারণ আলোচনা করা হয়েছে। এটা অকল্পনীয়। আমাদের বিশ্বাস করোনার মতো ভয়ঙ্কর একটা সঙ্কটে যে যাচ্ছেতাই বাজেট প্রস্তাব করা হয়েছে, সেটার সমালোচনা এড়ানোর জন্যই অধিবেশন সংক্ষিপ্ত করে তড়িঘড়ি করে শেষ করতে চেয়েছে সরকার।
করোনার সঙ্গে খুব সরাসরি জড়িত কয়েকটি খাত নিয়ে বিএনপির এ সংসদ সদস্য বলেন, স্বাস্থ্যখাতের বেহাল অবস্থার কথা আমরা জানতাম, কিন্তু করোনা এটাকে যাচ্ছেতাইভাবে প্রকাশ্য করেছে। স্বল্পমেয়াদে করোনা মোকাবিলার জন্য পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত প্রয়োজনীয় চিকিৎসাকর্মী নিয়োগের কোনো রূপরেখা বাজেটে নেই। স্বাস্থ্যখাতে যে বরাদ্দ দিয়েছে এটা দিয়ে বর্তমান সঙ্কট এবং ‘লকডাউন’ খুলে দেওয়ার কারণে সামনের দিনগুলোতে যে ভয়ঙ্কর অবস্থা তৈরি হতে যাচ্ছে, সেটা কোনোভাবেই মোকাবিলা করা যাবে না।
করোনার কারণে দেশের দারিদ্র্যসীমার নিচে মানুষের সংখ্যা যখন দ্বিগুণের বেশি হয়ে গেছে, তখন আগের বছরের বাড়ানোর চাইতে মাত্র ৩ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়িয়ে কোনোভাবেই সঙ্কট মোকাবিলা করতে পারবে না। এ তুচ্ছ বরাদ্দ দেশকে এক দুর্ভিক্ষের দিকে ঠেলে দেবে।
তিনি বলেন, করোনার সময়ে দেশের অর্থনীতিতে দীর্ঘকাল যে মন্দা থাকবে তাতে মানুষের আয় এবং অভ্যন্তরীণ ভোগ উল্লেখযোগ্যভাবে কমে গিয়ে রাজস্ব আয়ে চরম ঘাটতি তৈরি হবে। তাই বলা যায়, এ ঘাটতি গিয়ে ঠেকবে প্রায় ৪ লাখ কোটি টাকায়। ঘাটতি মেটানোর জন্য সরকারের মূল পদক্ষেপ হবে ঋণ করা। ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের এ অকল্পনীয় পরিমাণ টাকা ধার করার ফলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ একেবারে শুন্যের কোঠায় চলে আসবে, যা কর্মসংস্থানের পথ একেবারেই বন্ধ করে দেবে। এতেও পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, তাই সরকারকে বিপুল পরিমাণের নতুন টাকা ছাপাতে হবে। এ টাকা ছাপানো উচ্চ মূল্যস্ফীতি তৈরি করে দেশের সামষ্টিক অর্থনীতিকে দুর্বল করে দেবে, যার ফল হবে মারাত্মক।
এসময় বিএনপিদলীয় সংসদ সদস্য মোশররফ হোসেন, আমিনুল ইসলাম ও বিএনপি চেয়াপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।
এ



