বাংলাদেশে বৈশ্বিক গণমাধ্যম তৈরিতে সহযোগিতা করবে কাতার

বাংলাদেশের গণমাধ্যমের উন্নয়নে এবং বৈশ্বিক গণমাধ্যম তৈরিতে সহযোগিতা করবে কাতার।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে তুরস্কের ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর তথ্যমন্ত্রীদের ইসলামিক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত কাতার মিডিয়া করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকতা শেখ আবদুল আজিজ বিন থানি আল-থানির সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় এ সহযোগিতার আশ্বাস দেন শেখ আবদুল আজিজ বিন থানি আল-থানি।
আল জাজিরার মতো বৈশ্বিক গণমাধ্যম তৈরির অভিজ্ঞতার আলোকে কীভাবে বাংলাদেশ ও কাতারের মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র গড়ে তোলা যায়, সাক্ষাৎকালে তা নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং কাতারের মিডিয়া করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।



