বিএনপি নেতা ইশরাক হোসেন আটক

ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আটক করা হয়েছে।
বুধবার রাজধানীর মতিঝিল শাপলা চত্বর থেকে তাকে আটক করে পুলিশ।
সকালে দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদে মতিঝিল এলাকায় লিফলেট বিতরণের সময় তাকে আটক করা হয়।
গণমাধ্যমকে ইশরাক হোসেনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, “লিফলেট বিতরণের সময় মতিঝিল এলাকা থেকে ইশরাক হোসেনকে নিয়ে গেছে পুলিশ। শুনেছি মতিঝিল থানায় আছেন। তবে তাকে আটক করা হয়েছে কিনা এ বিষয়ে পুলিশের বক্তব্য জানতে পারিনি।”
ইশরাককে আটকের বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃংখলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ইশরাক হোসেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সদস্য। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক।



