বাংলাদেশ
জুন মাস পর্যন্ত বিদ্যুৎ বিলের বিলম্ব মাসুল মওকুফ

করোনাভাইরাসের কারণে জুন পর্যন্ত বিদ্যুৎ বিলের বিলম্ব মাশুল মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ বিভাগ।
রবিবার (৩১ মে) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
তিনি বলেন, বিদ্যুৎ বিল নিয়ে নানা ভোগান্তির কথা আমাদের কানেও আসছে। কারও কোনও বাড়তি বিল করা হলে তা পরবর্তীতে সমন্বয় করা হবে। তিনি বলেন, এই সময় ঝুঁকি নিয়ে তাড়াতাড়ি করে বিল দিতে হবে না। আমরা জুন মাস পর্যন্ত বিদ্যুৎ বিলের বিলম্ব মাশুল মওকুফের সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে মে মাস পর্যন্ত বিদ্যুৎ বিল দেওয়ার বিলম্ব মাশুল মওকুফ করা হয়েছিল। গত ২২ মার্চ ওই আদেশ দেওয়া হয়েছিল। যাতে মে মাস পর্যন্ত বিলম্ব মাশুল মওকুফের কথা বলা হয়।



