নৈতিকতা প্রতিষ্ঠার সঙ্গে যোগ্য নেতৃত্বও গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, স্বাধীনতার সুফল জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দিতে সকলকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিজ দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তি পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রতিটি কাজে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সকল ক্ষেত্রে নীতি-নৈতিকতা ও আদর্শ প্রতিষ্ঠার পাশাপাশি যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘মুজিব চিরন্তন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিন আজ। এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি বলেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ, গর্ব ও সম্মানের। ১৯৭১ সালে মার্চের এ দিনের প্রথম প্রহরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এ স্বাধীনতা একদিনে বা হঠাৎ করে আসেনি। অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি।
এর আগে বক্তব্যের শুরুতেই মো. আবদুল হামিদ বঙ্গবন্ধু, শহীদ মুক্তিযোদ্ধা, জাতীয় চার নেতাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
আবদুল হামিদ বলেন, দেশে ও জনগণের উন্নয়ন রাজনৈতিক নেতৃত্বের একক দায়িত্ব নয়। স্বাধীন দেশের নাগরিক হিসেবে এটা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য। স্বাধীনতা মানুষের অধিকার। অধিকারকে অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা সঠিকভাবে ব্যবহার করতে পারলেই স্বাধীনতা অর্থবহ হয়ে উঠে। আবার অধিকারের অপপ্রয়োগ স্বাধীনতাকে খর্ব করে। স্বাধীনতা ও স্বেচ্ছাচারিতাকে এক করে দেখলে চলবে না।
রাষ্ট্রপ্রধান বলেন, বঙ্গবন্ধু শুধ বঙ্গের বন্ধু হয়ই থাকেননি, তিনি বিশ্ববন্ধু হয়ে উঠেছেন। তিনি ছিলেন সারাবিশ্বের নিপীড়িত নির্যাতিত মানুষের আপনজন।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধু অনুসৃত ‘কারও সঙ্গে বৈরিতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব’ নীতি অনুসরণ করে বাংলাদেশ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে কূটনৈতিক অঙ্গনে সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ভারতের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি কার্যকর ও সমুদ্রসীমা বিরোধের শান্তিপূর্ণ সমাধান হয়েছে। আশা করি অচিরেই অন্যান্য অমীমাংসিত ইস্যুরও সুষ্ঠু ও মর্যাদাপূর্ণ নিষ্পত্তি হবে।



