ভূরাজনীতি

ফাঁসি নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠা করুন: জাফরুল্লাহ চৌধুরী

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি না দিয়ে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লা‌বের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় স্মরণ মঞ্চের উদ্যো‌গে মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল স্মরণে নাগরিক শোকসভায় তি‌নি এ আহ্বান জানান।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি। কত দ্রুত একটা আইন করে ফেললো সরকার। কিন্তু এটা শুধু ড্রাইভেশন। এটা পথকে অন্য দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া। আসলে এর প্রতিকার কী? এর প্রতিকার হলো ন্যায়বিচার। আর এই ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, সরকার প্রতিটি ক্ষেত্রেই ভুল করছে। ফাঁসির সিদ্ধান্তটাও অত্যন্ত ভুল। এর চেয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করুন। ন্যায়বিচার কোনো কঠিন কাজ না। দ্রুত ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করলে ১৫ দিন বা ৭ দিনের মধ্যেই যারা ধর্ষক তাদের ৮০ শতাংশ ধরা পড়ে যাবে। তাদের বিরুদ্ধে চার্জশিট গঠন করে বিচার করুন। আর যারা ধরা পড়বে না তাদের জন্য আলাদা মামলা করুন। তাহলে দেখবেন দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।

সরকারপ্রধানকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী যে শুধু খারাপ কাজ করেছেন তা নয়, তিনি ভালো কাজও করেছেন। তাহলে একটা মধ্যবর্তী নির্বাচন দিয়ে দেখেন না। আর জনগণের কাছে গিয়ে বলবেন- ‘আমি ফাঁসি এনেছি’। এই ফাঁসির পক্ষে জনগণ যদি আপনাকে ভোট দেয় তাহলে মনে করবো আমরা ভুল ছিলাম। আপনি সঠিক ছিলেন।’

জাফরুল্লাহ বলেন, ‘কিন্তু উনি (প্রধানমন্ত্রী) জানেন, মধ্যবর্তী নির্বাচন হলেই উনি ক্ষমতা হারাবেন। জনগণ নিজের অধিকার প্রতিষ্ঠা করবে। জনগণ যদি নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারে তাহলে দেশ কল্যাণকর হবে। যে জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম সেই সোনার রাষ্ট্র প্রতিষ্ঠা হবে।’

Related Articles

Leave a Reply

Back to top button