প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় করোনায় মৃত্যু কমছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে আজ করোনায় মৃত্যুর সংখ্যা কমে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল । গুজব উপেক্ষা করে মানুষ করোনা ভাইরাসের টিকা নিচ্ছে বলেও জানান তিনি।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে কোভিড-১৯ এর টিকা গ্রহণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ একই হাসপাতালে করোনার টিকা নেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘টিকার বিষয়ে বিভ্রান্তি ছড়িয়ে কোনও কাজ হয়নি। সময়মতো টিকা বাংলাদেশে এসেছে এবং জনগণকে বিনামূল্যে দেওয়া হচ্ছে। অনেক দেশ এখন পর্যন্ত করোনা টিকা পায়নি। সারাদেশে করোনার টিকা দেওয়ার কাজ চলছে। সুরক্ষিত থাকতে ভয় না পেয়ে সবাইকে টিকা নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে আজ করোনায় মৃত্যুর সংখ্যাও কমে এসেছে।’
তিনি বলেন, ‘টিকা নিয়ে শারীরিক কোনও সমস্যা অনুভব করছি না। টিকা নিতে জনগণের মধ্যে আগ্রহ বেড়েছে। বুথগুলোতে ভিড় বাড়ছে।’ তিনি পুলিশ সদস্যদের টিকা নেয়ার তাগিদ দেন।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘বর্তমানে করোনা নিয়ন্ত্রণের দেশের তালিকায় বাংলাদেশ ১৭তম। সংক্রমণের প্রথম দিকে অনেকটাই কিংকর্তব্যবিমূঢ় হয়ে যায় পুলিশ সদস্যরা। বর্তমান পুলিশ প্রধান বেনজীর আহমেদের সঠিক সিদ্ধান্ত পুলিশ সদস্যদের সংক্রমণ রোধ করা সম্ভব হয়েছে। এছাড়া রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল করোনা চিকিৎসায় সাফল্যের সঙ্গে কাজ করেছে। পুলিশ হাসপাতালে সেবার মান বেড়েছে। প্রথম শ্রেণির হাসপাতাল হিসেবে এটিকে গড়ে তুলতে কাজ চলছে।’



