প্রথম ধাপের ২০৪ ইউপিতে ভোটগ্রহণ চলছে আজ

প্রথম ধাপের ২০৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলছে।
আজ (সোমবার) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। এ দফায় মাত্র ২০টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হচ্ছে। বাকি ১৮৪টিতে ভোট নেয়া হচ্ছে প্রথাগত ব্যালট পদ্ধতিতে।
প্রথম ধাপের নির্বাচনের সব ধরনের প্রস্তুতি আগেই শেষ করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথমে ইসি ৩৬৭টি ইউপিতে নির্বাচনের তফসিল ঘোষণা করলেও করোনা প্রবণ এলাকার ১৬৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করে।
প্রথম ধাপের ইউপি নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা এক হাজার ৮৩৬টি। আর মোট ভোট কক্ষের সংখ্যা ১০ হাজার ২৬০টি। এই নির্বাচনে উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং হিসেবে কাজ করছেন।
ইউনিয়ন পরিষদ ছাড়াও লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচন, ঝালকাঠী ও দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার ভোট গ্রহণ হচ্ছে আজ।
ভোটের দিন হলেও নির্বাচনী এলাকায় কোনো সাধারণ ছুটি থাকছেনা। তবে ভোটকেন্দ্রসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবেন।



