প্রথম আলো সম্পাদকসহ ৯ জনের বিচার শুরু, আনিসুল হককে অব্যাহতি

কিশোর আলো’র অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে আবরারের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ ৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত অভিযোগ গঠনের আদেশ দেন। আদেশে কিশোর আলো সম্পাদক আনিসুল হককে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
একইসঙ্গে আগামী ১৪ ডিসেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
এদিকে, অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত প্রথম আলো সম্পাদকসহ বিবাদীরা আদালতের কাছে নিজেদের ‘নির্দোষ’ দাবি করেন।
আদালতে প্রথম আলো সম্পাদকের পক্ষে ছিলেন আইনজীবী এহসানুল হক সমাজী ও প্রশান্ত কুমার কর্মকার। বাদীপক্ষে ছিলেন আইনজীবী ওমর ফারুক।
এই অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী এহসানুল হক সমাজী।
মতিউর রহমান ছাড়াও অন্য ৮ আসামি হলেন- প্রথম আলোর জ্যেষ্ঠ সহ-সম্পাদক মহিতুল আলম পাভেল, হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন কবির বকুল, নির্বাহী শাহপরান তুষার, নির্বাহী শুভাশীষ প্রামাণিক, কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎ সরবরাহের সাথে সংশ্লিষ্ট জসিম উদ্দিন অপু, মোশারফ হোসেন, সুজন ও কামরুল হায়দার।
উল্লেখ্য, গত বছরের ১ নভেম্বর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে প্রথম আলোর সহযোগী প্রকাশনা ‘কিশোর আলো’র প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানের জন্য টানা বিদ্যুৎ সংযোগে স্পৃষ্ট হয় শিক্ষার্থী নাঈমুল আবরার রাহাত। পরে মহাখালীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এরপর ৬ নভেম্বর নাঈমুল আবরারের বাবা মজিবুর রহমান আদালতে একটি মামলা করেন।



