পীর হাবিবুর রহমানের মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শোক

বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার।
আজ শনিবার ৫ ফেব্রুয়ারি, এক শোকবার্তায় সাংবাদিকতায় পীর হাবিবুর রহমানের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে মন্ত্রী বলেন, তার মৃত্যুতে দেশ একজন প্রতিভাবান সাংবাদিককে হারালো। তিনি প্রয়াত পীর হাবিবুর রহমানের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদকের মৃত্যুতে পরিকল্পনা মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
পীর হাবিবুর রহমানের মৃত্যুতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর শোক
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
শনিবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৯ বছর বয়সে পীর হাবিবুর রহমানের মৃত্যু সংবাদে জাকির হোসেন প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী তার শোকবার্তায় প্রয়াত পীর হাবিবুর রহমানের কর্মময় জীবনের কথা স্মরণ করেন এবং বলেন, মেধাবী ও অত্যন্ত কর্মপ্রাণ সাংবাদিক পীর হাবিবের জীবনাবসান এযুগের সাংবাদিকতায় এক শূণ্যতা তৈরি করেছে।
বিশিষ্ট সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর শোক
বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট পীর হাবিবুর রহমান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
শোক বার্তায় মন্ত্রী বলেন, দেশ একজন খ্যাতিমান সাংবাদিককে হারালো। মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও গণতন্ত্রের স্বপক্ষে তার সাহসী ও ক্ষুরধার লেখনী অনুপ্রাণিত করবে আগামী প্রজন্মকে।
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।



