অন্য খবর

অস্ট্রেলিয়ায় সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন বাঁধন

প্রথমবারের মতো বাংলাদেশের অভিনেত্রী ও মডেল আজমেরী হক বাঁধন অস্ট্রেলিয়ার ‘এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস’-এ সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন।

বুধবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক স্ট্যাটাসে এ খবর জানান আজমেরী হক বাঁধন।

জানা গেছে, আজ মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে পুরস্কার কর্তৃপক্ষ। এতে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অনবদ্য অভিনয়ের সুবাদে এই মনোনয়ন পেয়েছেন বাঁধন।

এছাড়া সেরা অভিনেত্রীর তালিকায় বাঁধনের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ইসরায়েলের আলেনা ওয়াইভি, রাশিয়ার ভ্যালেন্টিনা রোমানোভা সিসকাইরি, অস্ট্রেলিয়ার লিয়া পার্সেল ও নিউজিল্যান্ডের এসি ডেভিস।

‘এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস’-এ মনোনীত হয়ে উচ্ছ্বসিত বাঁধন। তবে এ অভিনেত্রী পুরো সিনেমার টিম ও পরিচালকেরই সাফল্য বলে মনে করছেন।

জানা গেছে, ১৪তম এশিয়া-প্যাসিফিক অ্যাওয়ার্ডসের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী ১১ নভেম্বর।

এর আগে বিশ্বের অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব কান চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছিলো ‘রেহান মরিয়ম নূর’ সিনেমাটি। প্রিমিয়ারে প্রশংসাও পেয়েছিলো বাঁধন অভিনীত সিনেমাটি। তবে শেষ পর্যন্ত পুরস্কার ছাড়াই খালি হাতে ফিরতে হয় সংশ্লিষ্টদের।

উল্লেখ্য, একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের গল্প। কর্মস্থলে ও পরিবারে তাল মেলাতে গিয়ে হিমশিম খেতে হয় তাকে। কারণ, শিক্ষক, চিকিৎসক, বোন, কন্যা ও মা হিসেবে জটিল জীবনযাপন করেন তিনি। ১ ঘণ্টা ৪৭ মিনিট ব্যাপ্তির ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেন আজমেরী হক বাঁধন।

Related Articles

Leave a Reply

Back to top button