পাবনা-৪ উপনির্বাচন ভোটে বিজয়ী নৌকার নুরুজ্জামান

সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে শূন্যঘোষিত পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।
বেসরকারি ফলাফলে নুরুজ্জামান বিশ্বাস পেয়েছেন ২ লাখ ৩৯ হাজার ৯২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৫৭৬ ভোট। হাবিবের চেয়ে ২ লাখ ৩০ হাজারেরও বেশি ভোট পেয়েছেন বিজয়ী প্রার্থী নুরুজ্জামান।
এছাড়া জাতীয় পার্টির প্রার্থী রেজাউল করিম খোকন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৪ ভোট।
শনিবার রাত ৯টায় রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জেলা প্রশাসকের কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।
গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় একযোগে দুই উপজেলার ১২৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।



