পাপলুর বিষয়ে জানতে চেয়ে কুয়েত দূতাবাসের চিঠি

মানবপাচার ও অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের এমপি মোহাম্মদ শহীদ ইসলাম পাপলুর গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানতে কুয়েতের বাংলাদেশ দূতাবাস থেকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে।
এদিকে পাপলুকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে কুয়েত ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি।
কুয়েতের বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র নিশ্চিত করেছে, এমপি মোহাম্মদ শহীদ ইসলাম পাপলুর গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানতে কুয়েতের বাংলাদেশ দূতাবাস থেকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। তবে সেই চিঠির জবাব এখনো আসেনি।
এদিকে সোমবার (৮ জুন) গাল্ফ নিউজ জানিয়েছে পাপলুকে কুয়েতের সিআইডি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
এর আগে রবিবার (৭ জুন) কুয়েতে এমপি মোহাম্মদ শহীদ ইসলাম পাপলুর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছিলেন সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।
সূত্র জানায়, মানব পাচার ও অর্থ পাচারের বিরুদ্ধে কুয়েত সরকার থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। কুয়েত ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট-সিআইডি বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এর মধ্যে বাংলাদেশের সংসদ সদস্য মোহাম্মদ শহীদ ইসলাম পাপলুও রয়েছেন।
এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন মোহাম্মদ শহীদ ইসলাম। তার বিরুদ্ধে কুয়েতে মানব পাচার করে এক হাজার ৪০০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। এই অভিযোগে গত ফেব্রুয়ারি থেকে তার বিরুদ্ধে অনুসন্ধানও শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।



