বাংলাদেশ

‘পররাষ্ট্রমন্ত্রীকে ভুলভাবে উদ্ধৃত করে সংবাদ প্রচার করা হয়েছে’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ভুলভাবে উদ্ধৃত করে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছে মন্ত্রণালয়।

বুধবার (২৬ অক্টোবর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

এতে বলা হয়, বুধবার কিছু মিডিয়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ভুলভাবে উদ্ধৃত করে অসত্য সংবাদ ও টিভি স্ক্রল প্রচার করেছে- যা অত্যন্ত দুঃখজনক। মন্ত্রী বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘জাতিসংঘের আঙ্গিনায় শেখ হাসিনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন। এরপর কিছু মিডিয়া ও টেলিভিশন চ্যানেল পররাষ্ট্রমন্ত্রীকে ভুলভাবে উদ্ধৃত করে সংবাদ প্রচার করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এগুলোর মধ্যে ‘যুদ্ধ ছাড়া আমেরিকার অর্থনীতি চলবে না’, ‘ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে তাইওয়ানে যাবে আমেরিকা’, ‘যুক্তরাষ্ট্র যুদ্ধপ্রিয় দেশ, যুদ্ধ ছাড়া দেশটির অর্থনীতি সচল থাকে না’, ‘যুদ্ধেই সচল থাকে যুদ্ধপ্রিয় আমেরিকার অর্থনীতি’, ‘যুদ্ধ পরিস্থিতি তৈরি করাই হলো যুক্তরাষ্ট্রের মূলকাজ’ শিরোনামে সংবাদ ও টিভি স্ক্রলে প্রচার করা হয়েছে।

সংবাদে ও টিভি স্ক্রলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ভুলভাবে উদ্ধৃত করে ভিত্তিহীন সংবাদ প্রচারের মাধ্যমে বাংলাদেশের বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্র সম্পর্কে জনসাধারণ এবং বন্ধুরাষ্ট্রের কাছে বিভ্রান্তিকর বার্তা দেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।

পররাষ্ট্রমন্ত্রীর নামে তাকে ভুলভাবে উদ্ধৃত করে এ ধরনের বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ প্রচারকারী মিডিয়া ও টিভি চ্যানেলগুলোকে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের জন্য ভুল স্বীকার করে দুঃখ প্রকাশসহ সঠিক সংবাদ প্রচারের জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button