পদত্যাগ করলেন ব্রাজিলের হেড কোচ তিতে

কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে ১(৪)- ১(২) ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সেলেকাওরা। এই হারের পরপরই পদত্যাগের ঘোষণা দেন কোচ তিতে।
এডুকেশন সিটি স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘যন্ত্রণাদায়ক হার, তবে নিজেকে নিয়ে শান্তিতে আছি। এই চক্রের সমাপ্তি এখানেই।
তিতে তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন এভাবে, আমি এক দেড় বছর আগে যা বলেছি (বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়ব) সেই কথা থেকে সরে আসছি না। নাটকের কোনো প্রয়োজন নেই। আরও অনেক ভালো পেশাদার মানুষ আছেন যারা আমার জায়গায় আসতে পারেন। এই চক্রের সমাপ্তি এখানেই।
৬১ বছর বয়সী এই কোচ ২০১৬ সালে দায়িত্ব নেন সেলেসাওদের। ২০১৯ সালে তার কোচিংয়ে ব্রাজিল জেতে কোপা আমেরিকা। তবে বিশ্বকাপের ব্যর্থতা পিছু ছাড়েনি রেকর্ড চ্যাম্পিয়নদের।
তিতের কোচিংয়ে ২০১৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেওয়ার পর এবারও সেমির আগেই ভেঙেছে ব্রাজিলের হেক্সাজয়ের স্বপ্ন।



