বিশ্ব

পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী

আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। নিজের স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করলেন দীর্ঘ সময়ে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা শিনজো অ্যাবে।

শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এসে নিজেই তার পদত্যাগের ঘোষণা দেন অ্যাবে।

এর আগে শুক্রবার সকালে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ‘এনএইচকে’র খবরে ‘অ্যাবে আজই পদত্যাগ করতে পারেন’ বলে প্রকাশ করা হয়েছিল। শেষ পর্যন্ত সেই ধারণাই সত্যি হলো।

২০২১ সালের সেপ্টম্বর পর্যন্ত তার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল। কিন্তু আজ সংবাদ সম্মেলনে এসে বক্তব্য দেয়ার সময় এক বছর আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানো এবং বেশ কিছু রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণ করতে না পারার জন্য ক্ষমা প্রার্থনা করেন অ্যাবে।

টেলিভিশন ভাষণে পদত্যাগের ঘোষণা দিয়ে শিনজো আবে বলেন, ‘রাজনীতিতে দুর্বল শারীরিক অবস্থার প্রভাব পড়া উচিত নয় এবং যখন আমি জাপানের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছি না, তখন সিদ্ধান্ত নিয়েছি যে, আমি আর প্রধানমন্ত্রী থাকতে পারি না আর তাই আমি পদত্যাগ করবো।’

তিনি আরও বলেন, ‘রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো ফলাফল তৈরি করতে পারা। সাত বছর এবং আট মাস আমি এই ফল পেতে আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি কিন্তু এখন আমি আমার অসুস্থতার কারণে তা করতে পারছি না। আমার চিকিৎসা সেবা নেওয়া প্রয়োজন।’

নিজের শারীরিক অসুস্থতা প্রসঙ্গে ৬৫ বছর বয়সী অ্যাবে জানান, তার আলসারেটিভ কোলাইটিস রয়েছে। নতুন ওষুধ ব্যবহার করে তার চিকিত্সা চালিয়ে যেতে হবে। অনেক বছর ধরে আলসারেটিভ কোলাইটিস রোগে ভুগলেও সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হয়।

গুরুতর অসুস্থ হয়ে গত ১৭ আগস্ট সকালে রাজধানী টোকিওর একটি হাসপাতালে ভর্তি হন শিনজো আবে। তবে সরকারিভাবে একে প্রধানমন্ত্রীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হিসেবে উল্লেখ করা হলেও তখন থেকেই জাপানের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি দেশের সংবাদমাধ্যমগুলোতে তার পদত্যাগের গুঞ্জন শুরু হয়।

এদিকে শিনজো অ্যাবের কোনও উত্তরাধিকারী না থাকায় তার পদত্যাগের পর কে হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী এ নিয়েও সংবাদ সম্মেলনে কোনও মন্তব্য করেননি অ্যাবে।

এর আগে ২০০৭ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন আলসারেটিভ কোলাইটিস রোগে ভোগার কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। শৈশব থেকেই এ রোগে ভুগছেন জাপানের সদ্য পদত্যাগকারী প্রধানমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Back to top button