বাংলাদেশ

নির্বাচনে ওয়াকওভার নয়, খেলে জিততে চাই: তথ্যমন্ত্রী

আগামী জাতীয় নির্বাচনে বিএনপি পূর্ণ শক্তি নিয়ে অংশগ্রহণ করুক এটা আমরা চাই। কিন্তু তারা (বিএনপি) পালিয়ে যাওয়ার অজুহাত তৈরি করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, বিএনপি একটি বড় দল, তারা রাষ্ট্রক্ষমতায় ছিল। আমি তাদের নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধ জানাবো। কারণ আমরা ওয়াকওভার চাই না, খেলে জিততে চাই।

শুক্রবার (১৬ জুন) দুপুরে রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

‘সরকার বিএনপিকে মাঠ ছাড়া করার ষড়যন্ত্র করছে, মামলা-গ্রেফতার করছে’- বিএনপি মহাসচিবের এমন বক্তব্য নাকচ করে তথ্যমন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচন যাতে সবার অংশগ্রহণে একটি অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ, উৎসবমুখর হয় সেটাই আমরা চাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিএনপি সবসময় নির্বাচন থেকে পালিয়ে যায়। মির্জা ফখরুল সাহেব, রিজভী সাহেব নির্বাচন থেকে পালিয়ে যাওয়ার অজুহাত তৈরি করতেই এসব বক্তব্য দিচ্ছেন।

নির্বাচন ভন্ডুল বা প্রশ্নবিদ্ধ করাই বিএনপির উদ্দেশ্য, এমন দাবি করে ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির বক্তব্যে এমনটাই মনে হয়। তারা নির্বাচনে জেতার গ্যারান্টি (নিশ্চয়তা) চায়। সেটি পেলে অংশ নেবে, নাহলে নয়। কিন্তু এ গ্যারান্টিতো জনগণ বা সরকার বা নির্বাচন কমিশন কেউই দিতে পারবে না। আর বিএনপি নির্বাচন বর্জন করলেও জনগণ যে ব্যাপকভাবে অংশ নেয়, সেটি সিটি করপোরেশন নির্বাচনে প্রমাণ হয়েছে। কোন দল অংশ নিলো- তার চেয়েও বড় কথা নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণ।

তিনি বলেন, অগ্নি সন্ত্রাসের হুকুমদাতা-অর্থদাতা হিসেবে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা আছে। মামলা সরকার চালু করতে পারে না। অভিযুক্তদের বাড়িয়ে নেওয়া সময়, উচ্চ আদালতের স্থগিতাদেশ- এগুলোর মেয়াদ শেষ বা ভ্যাকেট হলে আদালতের নিয়ম অনুযায়ী আবার মামলা চালু হয়ে যায়। তেমন কিছু সংখ্যক মামলা চালু হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button