আলজাজিরার বিরুদ্ধে মামলার কথা ভাবছি: পররাষ্ট্রমন্ত্রী

কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরার বিরুদ্ধে সরকার মামলা করার কথা ভাবছে। মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে ‘অল দ্য প্রাইম মিনিসটারস মেন’ শিরোনামে প্রতিবেদন প্রচারের অভিযোগে মামলা করা হবে। শনিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী আর্মি স্টেডিয়ামে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ কথা বলেন।
সরকার আলজাজিরা প্রকাশিত প্রতিবেদনের কারণে চ্যানেলটি সম্প্রচার বন্ধ ও মামলা করার কথা ভাবছে কি না, তা জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, ‘পাবলিক বুঝেছে যে এটা মিথ্যা তথ্য। সেটা আমরা দেখব। যেখানে তথ্যগত ভুল আছে, সেগুলো আমরা তুলে ধরব। আর আমরা মামলা করব। আমরা সেটার জন্য কাজ করছি।’
প্রকাশিত প্রতিবেদনের সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই যে আল–জাজিরায় যেটা বের হয়েছে, আমরা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিনি। এখন এসএসএফ গার্ড দেয়। ওনার ৪৫ বছরের রাজনৈতিক জীবনে কোনো দিন কোনো বডিগার্ড ছিল না। ওনার বডিগার্ড ওনারই সব নেতা-কর্মী। মায়া ভাই, সাবের হোসেন চৌধুরী, তোফায়েল আহমেদ, আমু ভাই, এরাই বডিগার্ড। কোনো দিন আমরা দেখিনি পয়সা দিয়ে বডিগার্ড রাখতে। ওখানে লিখেছে ওনার দুই বডিগার্ড!’
মন্ত্রী তার চারপাশে উপস্থিত লোকজনকে ইঙ্গিত করে বলেন, ‘এখন ধরেন আমার পেছনে অনেকেই দাঁড়িয়েছেন। আমরা তাদের সবাইকে চিনি না। নেত্রী যখন বক্তৃতা দেন, তখন পেছনে অনেকেই দাঁড়ান। আমরা গণতান্ত্রিক দেশ। আমিও যখন বক্তৃতা দিই, আমার পেছনেও অনেকেই দাঁড়ান। আমি তার খুব কম লোককেই চিনি।’
তিনি আরও বলেন, ‘কিন্তু ওখানে (প্রতিবেদনে) একজনের ছবি দিয়ে বলছে কী, ওটা ওনার বডিগার্ড। এ রকমের মিথ্যা তথ্য দিয়ে ওরা বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। আলজাজিরা এ ধরনের বানোয়াট, টেকনিক্যালি জোড়াতালি দিয়ে যা করেছে, তাতে বাংলাদেশে তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখনও আন্তর্জাতিকভাবে আমাদের দেশকে দরিদ্র হিসেবে তুলে ধরা হয়। এটা বিদেশিরা তুলে ধরে না। আমাদের লোকরাই এগুলো চিত্রায়িত করে মনে আনন্দ পায়। ফলে তাদের মনমানসিকতার পরিবর্তন প্রয়োজন। আমাদের দেশে এটা দেখানো হয় বলেই বিদেশিরা এটা পিক করে। আমরা দরিদ্র ছিলাম এটা সত্য। এখন অবস্থার ব্যাপক পরিবর্তন হয়েছে। কিন্তু আপনাদের মিডিয়াতে এই তুলনামূলক পরিবর্তনের চিত্রটা দেখি না।’
তিনি আরও বলেন, ‘প্রায়ই মিডিয়ায় বলা হয় আমাদের দেশে বিচারবহির্ভুত হত্যাকাণ্ড বেশি। এগুলা আমাদের কিছু মুরুব্বিরা বলেন আর আপনারা হইচই শুরু করেন। আমি দেখলাম, আমাদের এখানে যে সময়ে ১৭ জন, ১৮ জন কিলিং হয়েছে, সেই একই সময়ে আমেরিকায় ৯৯৬ জন, ১ হাজার ০৪ জনকে পুলিশ গুলি করে মেরে ফেলেছে। আমরা চাই না একটা লোকও এভাবে মরুক। কিন্তু অন্যান্য জায়গাও এমন দুর্ঘটনা ঘটতেছে।’
আব্দুল মোমেন বলেন, ‘আমাদের এখানে রেপ হলে টেলিভিশনে সপ্তাহের পর সপ্তাহ একই কাহিনি তুলে ধরে। অথচ আমেরিকাতে গত বছর ৮৫ হাজার লোক রেপ হয়েছে। তার কোনো ছবি তাদের টিভিতে দেখেছেন কখনও? এটাই আমি বলেছি যে, আপনারা যখন দেবেন, দেয়ার শুড বি অ্যা ব্যালেন্স রিপোর্টিং।’
শুক্রবার রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর একটি দলের পরিদর্শন বিষয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে খবর এসেছে রাখাইনে যেসব রোহিঙ্গারা আছেন তাদের ক্যাম্পে মিলিটারি কমান্ডাররা গিয়েছে। তখন তাদের মুরুব্বিরা তাদের অভিযোগের কথা বলেছে। এবং সেনা কর্মকর্তারা ধাপে ধাপে তাদের অবস্থার পরিবর্তন করার কথা বলেছে। এগুলো শুনে কক্সবাজারের কুতুপালং এলাকায় ক্যাম্পে খুব খুশি লোকজন। এটা ভালো খবর। তবে আমাদের সরাসরি ওদের সরকার এ বিষয়ে বললে তখন সেটা দেখার বিষয়।’
তিনি বলেন, ‘ওদের (মিয়ানমার) নতুন সরকার শুধু একটা চিঠি দিয়েছে যে, কী কারণে ওরা ক্ষমতা দখল করেছে। এরপর আর আমরা কোনো তথ্য পাইনি।’



