বাংলাদেশ

আগামী মাস থেকে ই-নামজারি হবে সম্পূর্ণ ক্যাশলেস: ভূমি সচিব

ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান বলেছেন, আগামী অক্টোবর মাস থেকে সারা দেশে সম্পূর্ণ ক্যাশলেস ই-নামজারি ব্যবস্থা নিশ্চিত করা হবে।

আজ বুধবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ এক সভায় সভাপতিত্ব করার সময় ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে বক্তব্য প্রদানকালে ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান এই কথা বলেন।

এ সময় তিনিবলেন, মানুষের ভোগান্তি লাঘব এবং জটিলতা এড়ানোর জন্য ই-নামজারি আবেদন ও নোটিশ ফির মত নামজারি অনুমোদনের পর রেকর্ড সংশোধন ও খতিয়ান সরবরাহ ফিও কেবল অনলাইনে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের পর থেকে নামজারি অনুমোদনের পর রেকর্ড সংশোধন ও খতিয়ান সরবরাহ ফি আর ম্যানুয়াল পদ্ধতিতে (ক্যাশে) দেওয়া যাবেনা। এই সম্পর্কিত একটি পরিপত্র আমরা ইতোমধ্যে জারি করেছি।

আমরা চাচ্ছি নামজারির জন্য কারও যেন কোনো ভাবেই ১১৭০ টাকার বেশি অর্থ খরচ না হয় তা নিশ্চিত করতে। এছাড়া, ডিসিআর ও খতিয়ানের কোনো ত্রুটি সংশোধনের জন্য কোনো ফি আমরা নেব না- তিনি এই সময় যোগ করেন।

সভায় ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান ড. অমিতাভ সরকার, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান সোলেমান খান সহ মন্ত্রণালয় ও এর দপ্তর/সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ই-নামজারি আবেদন ফি (কোর্ট ফি) ২০ টাকা ও নোটিশ ফি (নোটিশ জারি ফি) ৫০ টাকা ই-নামজারি আবেদন করার সময়ই অনলাইনে প্রদান করতে হতো। তবে এতদিন রেকর্ড সংশোধন ফি ১০০০ টাকা ও খতিয়ান সরবরাহ ফি ১০০ টাকা অনলাইনে ও সরাসরি ক্যাশের মাধ্যমে – দুই ভাবেই গ্রহণ করা হতো। আগামী অক্টোবর থেকে এই দুটি ফিও আর ক্যাশের মাধ্যমে গ্রহণ করা হবেনা। চার ধরণের ফি প্রদানে নামজারির জন্য মোট প্রকৃত খরচ ১১৭০ টাকা।

Related Articles

Leave a Reply

Back to top button