বাংলাদেশ

দেশে করোনা ভাইরাসে একদিনে মৃত্যু ও আক্রান্তে রেকর্ড

করোনা ভাইরাসে একদিনে সর্বোচ্চ ৪০ জনের মৃত্যু হয়েছে। এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃতের সংখ্যা। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৫০। আর দুই হাজার ৫৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এটিও এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৪৭ হাজার ১৫৩ জন করোনা শনাক্ত হলেন। সুস্থ হয়েছেন ৪০৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৮১ জন।

রবিবার (৩১ মে) দুপুরে, করোনা ভাইরাস সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, মৃত্যুবরণ করা ৪০ জনের মধ্যে ৩৩ জন পুরুষ, ৭ জন নারী। এর মধ্যে ২৮ জনই ঢাকা বিভাগের; চট্টগ্রাম বিভাগের আটজন, খুলনা বিভাগের দুজন, রাজশাহী বিভাগের একজন এবং রংপুর বিভাগের একজন।

বয়স বিশ্লেষণে ২১-৩০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ বছরের মধ্যে পাঁচজন, ৪১-৫০ বছরের মধ্যে ১১ জন, ৫১-৬০ বছরের মধ্যে আটজন, ৬১-৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১-৮০ বছরের মধ্যে চারজন।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবে নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ২২৯টি। পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৮৭৬টি। এ নিয়ে মোট তিন লাখ আট হাজার ৯৩০টি নমুনা পরীক্ষা করা হলো।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২১ দশমিক ৪৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৭৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩৮ শতাংশ।

নাসিমা সুলতানা আরও জানান, চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৩৯১ জনকে, ছাড় পেয়েছেন ১২৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৫ হাজার ৭৯৪ জন। কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ২ হাজার ৯৪৭ জনকে; ছাড় পেয়েছেন ৩ হাজার ৪২ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬০ হাজার ১৮১ জন।

Related Articles

Leave a Reply

Back to top button