বাংলাদেশ

দুই হাজার কোটি পাচার ফরিদপুরের ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

নিউজ নাউ বাংলা ডেস্কঃ দেশ থেকে অবৈধভাবে দুই হাজার কোটি টাকা অর্থ পাচারের মামলায় ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০ আগস্ট, শুক্রবার সকালে রাজধানীর উত্তরা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাকে গ্রেপ্তার করে।

নিশান মাহমুদ শামীম ফরিদপুর শহরের মধ‌্য আলিপুর মহল্লার কামাল মুন্সির ছেলে। তার বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। ফরিদপুরে পুলিশ সুপার মো. আলিমুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশের তথ্য মতে, গত ২৬ জুন সিআইডি ঢাকার কাফরুল থানায় শহর আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক বরকত ও তার ভাই রুবেলের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে একটি মামলা করে। ওই মামলার আরেক আসামি হিসেবে জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, মানি লন্ডারিং মামলায় ঢাকায় নিশান মাহমুদ শামীম গ্রেপ্তার হলেও তাকে ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরীর ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগে হওয়া অপর এক মামলায় গ্রেপ্তার দেখানো হবে। এছাড়া তাকে ফরিদপুরে এনেও জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলা এবং মানি লন্ডারিং মামলায় এ পর্যন্ত ফরিদপুর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৭ জনকে গ্রেপ্তার করা হলো। বরকত ও রুবেল ছাড়াও শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, জেলা শ্রমিক লীগের কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন এবং যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহানকে গ্রেপ্তার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button