ইকোবিজ

দুই মাসের জন্য সব ব্যাংকঋণের সুদ স্থগিত

এপ্রিল ও মে মাসের দেশের সব ব্যাংকঋণের সুদ স্থগিত করার নির্দেশ দেয়া হয়েছে। ফলে আপাতত এ দুই মাসের ঋণের সুদ গুনতে হবে না ঋণগ্রহীতাদের। এর ফলে ব্যাংকগুলোর প্রায় ১৯ হাজার কোটি টাকার সুদ ব্লকড হিসেবে স্থানান্তরিত হলো।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নেয়া ঋণের কিস্তি পরিশোধ না করলেও গ্রাহকদের আগামী ৩০ জুন পর্যন্ত খেলাপি না করার নির্দেশনা আগেই দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন নতুন করে দুই মাসের ঋণের সুদ স্থগিত করা হলো।

ফলে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ব্লকড হিসাবের সুদ স্থগিত থাকবে। এ হিসাবে স্থানান্তরকৃত সুদ গ্রাহকদের কাছ থেকে আদায় করা যাবে না। একই সঙ্গে এ সুদকে ব্যাংকের আয় খাতে স্থানান্তর না করারও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি’ বিভাগ থেকে জারীকৃত প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসের কারণে বাংলাদেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিতকরণ ও গতিশীল রাখার লক্ষ্যে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে ঋণ সুবিধা প্রদানসহ বিভিন্ন ধরনের আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এখন সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে করোনাভাইরাসের কারণে সৃষ্ট ব্যবসায়িক পরিস্থিতি বিবেচনায় ব্যাংকের সব ধরনের ঋণের ওপর ১ এপ্রিল থেকে আগামী ৩১ মে পর্যন্ত আরোপিত বা আরোপযোগ্য সুদ ‘সুদবিহীন ব্লকড হিসাবে’ স্থানান্তর করতে হবে।

প্রজ্ঞাপনের আরও বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ব্লকড হিসাবে স্থানান্তরিত সুদ সংশ্লিষ্ট ঋণগ্রহীতার কাছ থেকে আদায় করা যাবে না এবং এমন সুদ ব্যাংকের আয় খাতে স্থানান্তর করা যাবে না। যদি কোনো ব্যাংক এরই মধ্যে সুদ আয় খাতে স্থানান্তর করে থাকে, তা রিভার্স এন্ট্রির মাধ্যমে সমন্বয় করতে হবে। ব্লকড হিসাবে রক্ষিত বা রক্ষিতব্য সুদ সমন্বয়ের বিষয়ে পরবর্তী সময়ে অবহিত করা হবে। ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ধারাবলে এ নির্দেশনা দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ঋণের কিস্তি পরিশোধ না করতে পারলেও কোনো গ্রাহককে খেলাপি না করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ নির্দেশনার প্রত্যেক্ষ প্রভাব এরই মধ্যে ব্যাংকগুলোর ক্যাশ ফ্লোতে পড়েছে। সামর্থ্য আছে, এমন গ্রাহকরাও ব্যাংকের টাকা জমা দেয়া বন্ধ করে দিয়েছেন। আগে থেকেই খেলাপি হওয়ার ঝুঁকিতে ছিলেন, এমন গ্রাহকরাও পরিস্থিতির সুযোগ নিচ্ছেন।

Related Articles

Leave a Reply

Back to top button