ফলোআপ

ডেসটিনির এমডি রফিকুলের ১২ বছর কারাদণ্ড

ডেসটিনি ২০০০ লিমিটেডের নামে মানিলন্ডারিং আইনে করা দুটি মামলার মধ্যে একটির রায় আজ ঘোষণা করেছেন আদালত। এতে এমডি রফিকুল আমিনকে ১২ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ মে)  আলোচিত এ মামলার রায় ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম ঘোষণা করেন। এছাড়াও একইসঙ্গে গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এর আগে সকালে ডেসটিনি ২০০০ লিমিটেডের ডেসটিনির এমডি রফিকুল আমিনসহ ৩ আসামি আদালতে তোলা হয়। গত ২৭ মার্চ দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে আদালত রায়ের জন্য এ দিন নির্ধারণ করেন।

স্পেশাল পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, রায়ে আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করা হয়েছে। আর আসামিপক্ষ বলছে, দুদক আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি। আশা করছি, তারা খালাস পাবেন।

মামলা সূত্রে জানা গেছে, মাল্টিপারপাস কো-অপারেটিভের নামে ডেসটিনি বিনিয়োগকারীদের কাছ থেকে ১ হাজার ৯০১ কোটি টাকা সংগ্রহ করে। সেখান থেকে আত্মসাৎ করা হয় ১ হাজার ৮৬১ কোটি ৪৫ লাখ টাকা। যার কারণে ক্ষতির মুখে পড়েন সাড়ে ৮ লাখ বিনিয়োগকারী।

মানিলন্ডারিং আইনের দুটি মামলায় ২০১৪ সালের ৪ মে চার্জশিট দাখিল করে দুদক। চার্জশিটে কো-অপারেটিভ সোসাইটির মামলায় ৪৬ জন এবং ট্রি প্ল্যানটেশন মামলায় ১৯ জনকে আসামি করা হয়। ডেসটিনির এমডি রফিকুল আমিনসহ ১৪ জনের নাম দুই মামলায় থাকায় মোট আসামি ৫১ জন।

যাদের মধ্যে রফিকুল আমিন, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. দিদারুল আলম গত দশ বছর ধরে কারাগারে আছেন। জামিনে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদ, মিসেস জেসমিন আক্তার (মিলন), জিয়াউল হক মোল্লা ও সাইফুল ইসলাম রুবেল। বাকি ৪৪ জন এখনও পলাতক।

Related Articles

Leave a Reply

Back to top button