বাংলাদেশ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শক সিনড্রোমে বেশি মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শক সিনড্রোমে এবার বেশি রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক ভার্চ্যুয়াল সংবাদ বিবৃতিতে তিনি এ কথা জানান।

ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, অন্যান্য বছর বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিলেও এ বছর শীত ও গ্রীষ্মে হাসপাতালে রোগীর ভিড় দেখা যাচ্ছে। তবে পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ পুরোপুরি প্রস্তুত রয়েছে।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। যাদের প্রায় প্রত্যেকে ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিন্ড্রোমে মৃত্যু হয়েছে।

তিনি বলেন, করোনা রোগীদের জন্য নির্ধারিত (ডেডিকেটেড) ডিএনসিসি হাসপাতাল ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, একটা অভিযোগ রয়েছে, হাসপাতালে ভর্তি অনেক ডেঙ্গু রোগী মশারির ভেতরে থাকতে চান না। এতে চিকিৎসক-নার্সসহ অন্য রোগে আক্রান্তদের ঝুঁকি বাড়ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অধ্যাপক ডা. আবুল বাসার বলেন, ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সরকারি হাসপাতালে ১শ এবং বেসরকারিতে ৩শ টাকা নির্ধারণ করে দেয়া আছে। কেউ বেশি নিলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

সবাইকে নিয়ম মেনে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন এবং ডেঙ্গুর ভয়াবহতা থেকে বাঁচতে দেশবাসীকে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

Related Articles

Leave a Reply

Back to top button