টুঙ্গিপাড়া যেতে চান মোদী

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৬ মার্চ ঢাকা সফরে আসছেন। তার এই সফরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যেতে আগ্রহ প্রকাশ করেছেন মোদী।
বুধবার (৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, আগামী ২৬ মার্চ বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। তবে এটা এখনও ফাইনালাইজ হয়নি। উনি ওখানে কিসে যাবেন, এটা নিয়ে কাজ চলছে। সব লজিস্টিক সাপোর্ট ঠিক হলে তিনি যাবেন।
গত ২৮ জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর চূড়ান্ত করতে চার দিনের সফরে ভারত যান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। সেই সফরে পররাষ্ট্রসচিব ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জংশঙ্কর ও পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পররাষ্ট্র সচিব গিয়েছেন ভারতে। বিস্তারিত আলোচনা হয়েছে। নরেন্দ্র মোদীর ঢাকা সফরে দুই প্রধানমন্ত্রী যৌথভাবে মুজিবনগর সড়কের উদ্বোধন করবেন বলেও জানান মোমেন।
ভারতের সঙ্গে কানেকটিভিটি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, ভারতের সঙ্গে আমাদের কানেকটিভিটি নিয়ে আলোচনা হচ্ছে। ভারত এটাতে আন্তরিকতা দেখিয়েছে। প্রতিবেশি দেশ ভারত ছাড়াও নেপাল ভুটানের সঙ্গে আমরা কানেকটিভিটি চেয়েছি।



