বাংলাদেশ

টিকা নিতে লোকজন আমেরিকা থেকে বাংলাদেশে আসছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমেরিকা থেকে কিছু মানুষ বাংলাদেশে করোনার ভ্যাকসিন নিতে আসছেন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর মহাখালিতে শেখ রাসেল গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালে স্থাপিত করোনা টিকা-কেন্দ্রে বেশ কয়েকজন বিদেশি কূটনীতিকের সঙ্গে কভিড-১৯ এর ভ্যাকসিন নেওয়ার পর এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, আপনারা আমেরিকা থেকে দেশে আসছেন কেন? তখন তারা বলেন, আমেরিকায় কত দিন পরে ভ্যাকসিন পাওয়া যাবে, তার ঠিক নেই।

করোনার ভ্যাকসিন প্রসঙ্গ উল্লেখ করে ড. মোমেন বলেন, অনেক উন্নত দেশ এখনো ভ্যাকসিন পাচ্ছে না। প্রতিটা লোককে আমরা ভ্যাকসিন দিতে চাই। কারণ প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, একটা লোকও যদি অসুস্থ থাকেন, তাহলে এই রোগ নির্মূল হবে না। আমরা শিগগিরই বাংলাদেশ থেকে করোনা ভাইরাস নির্মূল করবো।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায়, বাংলাদেশ সরকার এই ভ্যাকসিন উদ্ভাবনের অনেক আগেই বিশ্বের বিভিন্ন দেশের কাছে ভ্যাকসিন চাইতে শুরু করেন। আমরা সবাইকে ভ্যাকসিন দিব। একজনও বাদ পড়বে না।

টিকা নেওয়ার পর তিনি বলেন, আমাকে যে নারী টিকা দিয়েছেন তিনি খুবই দক্ষ। আমি টেরই পাই নাই। সহজ, একেবারে টেরই পাইলাম না, হয়ে গেল।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, টিকাদান শুরুর দুই সপ্তাহের মাথায় ১৫ লাখের বেশি মানুষ টিকা নিয়েছেন। ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকেও সুচারুভাবে টিকাদান কর্মসূচির চলার কথা শোনা যাচ্ছে।

ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসনসহ বিভিন্ন দূতাবাসের কূটনীতিকরা এই কর্মসূচিতে টিকা দেন।

Related Articles

Leave a Reply

Back to top button