বাংলাদেশ

প্রকাশক দীপন হত্যা মামলার রায় ১০ ফেব্রুয়ারি

আগামী ১০ ফেব্রুয়ারি, জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২৪ জানুয়ারি) সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মুজিবুর রহমান রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।

মামলায় ২৬ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি গোলাম সারোয়ার জাকির বলেন, জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় আট আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ সক্ষম হয়েছি। রায়ে আট আসামির মৃত্যুদণ্ড প্রত্যাশা করছি।

আসামিপক্ষের আইনজীবী নজরুল ইসলাম বলেন, মামলায় ২৩ জন সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়েছে। কোনো সাক্ষী আসামিরা মামলার সঙ্গে জড়িত- এমন কথা বলেনি। রায়ে আসামিরা খালাস পাবেন এই প্রত্যাশা করছি।

২০১৫ সালের ৩১ অক্টোবর রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের নিজ অফিসে খুন হন ফয়সাল আরেফিন দীপন। সেদিন বিকেলে তার স্ত্রী শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Related Articles

Leave a Reply

Back to top button