ভূরাজনীতি

নির্বিচারে ধর্মীয় নেতাদের গ্রেফতার করা হচ্ছে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশের ধর্মীয় নেতা ও আলেম-ওলামাদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে।

আজ সোমবার (১৯ এপ্রিল) বিএনপির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি করেন।

বিএনপি মহাসচিব বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক যারা এ দেশের মানুষের কাছে শ্রদ্ধার পাত্র, তাদেরও গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলাও দেওয়া হচ্ছে।

তিনি বলেন, লকডাউনকে ব্যবহার করে ক্র্যাকডাউনে ইতোমধ্যে বিএনপির তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে ধর্মীয় নেতা, আলেম-ওলামাদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে।

গত ২৬ মার্চকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে তা সরকারের তৈরি করা অভিযোগ করে তিনি বলেন, আমি এর আগেও বলেছি, সরকার খুব পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো যেন ঘটে, সে ব্যবস্থা নিয়েছে।

মির্জা ফখরুল বলেন, আপনারা লক্ষ্য করেছেন ২৬ মার্চ কয়েকটি ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে বিক্ষোভ করেছিল। আমরা দেখেছি বায়তুল মোকাররমে যে শান্তিপূর্ণ কর্মসূচি, সেটাকে অশান্ত করার জন্য পুলিশের সবচেয়ে বড় ভূমিকা ছিল। তারপর আওয়ামী লীগের দলীয় লোকেরা বিক্ষোভকারীদের ওপর হামলা করেছিল। সে কারণে হাটহাজারীতে ওই ঘটনাগুলো ঘটেছে।

‘সে ঘটনাগুলো কিন্তু তারা কখনোই বলছে না। তারা বারবার করে দোষ চাপাচ্ছে ধর্মীয় সংগঠনগুলোর ওপর এবং বলছে বিএনপি এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। আমরা খুব স্পষ্ট করে বলেছি, এখনও বলছি, ওই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’

Related Articles

Leave a Reply

Back to top button