ভূরাজনীতি

বিদ্রোহী ও মদদদাতাদেরও ছাড় নয়: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, পরবর্তী পৌরসভা নির্বাচনে নৌকার বিপক্ষে যেকোনও পর্যায়ের নেতা এবং জনপ্রতিনিধিরা জড়িত থাকলে, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

বুধবার (২০ জানুয়ারি) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কাদের বলেন, বিদ্রোহী ও তাদের মদদদাতাদেরও কোনও প্রকার ছাড় দেয়া হবে না।

তিনি আরো জানান, ৩০ জানুয়ারি সকাল ১১ টায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে ৫ম ধাপের পৌরসভা নির্বাচনের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।

মন্ত্রী বলেন, মানুষের জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ শ্রমিকদের ন্যনতম মজুরির নিশ্চয়তা, চাকরির নিরাপত্তা এবং শ্রমিক কল্যাণ ও ট্রেড ইউনিয়ন অধিকারের স্বীকৃতি প্রতিষ্ঠায় কাজ করছে শেখ হাসিনা সরকার। এছাড়া পুরুষ ও নারী শ্রমিকদের বেতন বৈষম্য দূর করতে নেয়া হয়েছে কার্যকরী উদ্যোগ।

তিনি বলেন, দেশে ৪৩টি শিল্প সেক্টরের মধ্যে ৪০টি সেক্টরে শ্রমিকদের ন্যূনতম মজুরি শতভাগ বৃদ্ধি করে ৮ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ কৃষি ভিত্তিক অর্থনীতির দেশ। কৃষিকে শিল্পে রূপান্তরের পাশাপাশি সরকার কৃষি কাজে নিয়োজিতদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

সড়কমন্ত্রী বলেন, করোনাকালে অসহায় মানুষের সুরক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর মানবিক নেতৃত্বে যে উদ্যোগ চালানো হয়েছিলো, তা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। অথচ বিএনপি বরাবরের মতো মিথ্যা বলছে, সরকার নাকি করোনা মোকাবিলায় ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, বিএনপি নেতারা বলেছিলো, লাখ লাখ মানুষ না খেয়ে, বিনা চিকিৎসায় রাস্তায় মরে পড়ে থাকবে, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব এবং আল্লাহর রহমতে এখনও তা হয়নি বলেই বিএনপি নেতাদের আক্ষেপ। এজন্য তারা মনযন্ত্রণায় ভুগছে।

ওবায়দুল কাদের বলেন, সরকার ও আওয়ামী লীগ কর্মীরা যখন মানুষের কল্যাণে দিবারাত্র সেবা দিয়েছে, তখন বিএনপি উটপাখির মতো বালুতে মাথা লুকিয়ে রেখেছিলো। আর এখন নির্লজ্জভাবে বলছে সরকার ব্যর্থ।

বিএনপি করোনা টিকা নিয়ে আগাম অপপ্রচার শুরু করছে। দেশ ও মানুষের কল্যাণে যেকোনও কাজকে প্রশ্নবিদ্ধ করাই তাদের রাজনীতি বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button