ভূরাজনীতি

ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৮ সালের আজকের দিনে প্রতিষ্ঠিত এ সংগঠনটি নানা অর্জন, আলোচনা-সমালোচনার মধ্যে পার করলো বাহাত্তরটি বছর।

১৯৪৮ সালের ৪ জানুয়ারি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ গঠন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সংগঠনটি জন্মলগ্ন থেকে মা-মাটি ও মানুষের কল্যাণে আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর ১৯৪৮ সালে ছাত্রলীগ বাংলা ভাষার প্রশ্নে আন্দোলনের মধ্য দিয়ে জয়যাত্রা শুরু করে।

বাংলাদেশ ছাত্রলীগ তার দীর্ঘ রাজনৈতিক পথ পরিক্রমায় ৫২ ভাষা আন্দোলন, ৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে বাঙালির পক্ষে গণরায় আদায়,৫৮ সালে জেনারেল আইয়ূব বিরোধী আন্দোলন, ৬২ সালের শিক্ষা আন্দোলন, ৬৬ সালে বাঙালির মুক্তির সনদ ৬ দফার পক্ষে গণজোয়ার সৃষ্টি, ১৯৬৯ সালের ঐতিহাসিক গণঅভ্যূত্থানের মাধ্যমে আইয়ূব সামরিক জান্তার কবল থেকে বঙ্গবন্ধুকে মুক্তি।

৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় ও ৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে লালসবুজের বিজয় অর্জনেও অগ্রণী ভূমিকা পালন করে ছাত্রলীগ।

এছাড়াও ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করার পর কালবিলম্ব না করে আন্দোলনে অবতীর্ণ হয় ছাত্রলীগ। ১৯৮২ সালে এরশাদ সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্রলীগই প্রথম আন্দোলনের সূত্রপাত করে। ১৯৯০ সালে এরশাদ পতনে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করে।

সংগঠনটির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে পালন করতে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ৫দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, ৪ জানুয়ারি সকাল ৭ টায় ধানমণ্ডি ৩২ নম্বর ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। একই সঙ্গে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবে ছাত্রলীগের একটি প্রতিনিধি দল। ৮ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কাটা কর্মসূচি। দুপুর ২ টায়  অপরাজেয় বাংলায় আনন্দ শোভাযাত্রা। ৫ জানুয়ারি, সকাল সাড়ে ১১ টায়, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন ছাত্রলীগের একমাত্র অভিভাবক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। ৬ জানুয়ারি, সকাল ১১ টায় পথশিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, বিকাল ৩ টায় বৃক্ষরোপণ কর্মসূচি। ৭ জানুয়ারি,বিকাল ৩ টায়, দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ।  ৮ জানুয়ারি, সকাল ১১ টায়, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

Related Articles

Leave a Reply

Back to top button