বাংলাদেশ

গ্রিস বছরে ৪ হাজার বাংলাদেশি কর্মী নেবে

কৃষি খাতে কাজ করার জন্য বাংলাদেশ থেকে বছরে চার হাজার নতুন কর্মী নেবে গ্রিস। বুধবার (৯ ফেব্রুয়ারি) ঢাকায় গ্রিসের সঙ্গে এ বিষয়ে বাংলাদেশের পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ ও বাংলাদেশ সফররত গ্রিসের অভিবাসনমন্ত্রী নতিস মিতারাচি নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে আরও বলা হয়েছে, সমঝোতা স্মারকের আওতায় প্রতি বছর চার হাজার নতুন কর্মীকে গ্রিসে কাজ করার সুযোগ দেবে। তাদের পাঁচ বছর মেয়াদি অস্থায়ী ’ওয়ার্ক পারমিট’ দেওয়া হবে।

এ চুক্তির আওতায় কৃষি সেক্টরে মৌসুমি শ্রমিক নেওয়া হবে। পরবর্তী সময়ে উভয় দেশ আলোচনাক্রমে চাহিদার ভিত্তিতে সেক্টরের সংখ্যা বৃদ্ধি করবে। তাদের পাঁচ বছর মেয়াদ শেষে বাংলাদেশে ফেরত আসতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ সমঝোতা স্মারকের ফলে বাংলাদেশের কর্মীদের জন্য গ্রিসে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলো। একই সঙ্গে গ্রিসে অবস্থানরত বাংলাদেশিরা পর্যায়ক্রমে বৈধভাবে কাজ করার সুযোগ পাবে। আবেদনের সময় বৈধ ট্রাভেল ডকুমেন্ট, বৈধ ওয়ার্ক কনট্রাক্ট, স্বাস্থ্যবিমার প্রমাণপত্র জমা দিতে হবে এবং নির্ধারিত ফি ও ব্যয় বহন করতে হবে কর্মীদের।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রবাসী কল্যাণ সচিব আহমেদ মুনিরুস সালেহীন এবং গ্রিসের সেক্রেটারি জেনারেল অব মাইগ্রেশন পলিসি পাত্রোক্লস গিওর্গিওদিস উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button