বাংলাদেশ

গার্মেন্টস-বাজার খোলায় সংক্রমণ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গার্মেন্টস ও বাজার খুলে দেওয়ায় করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা কিছুটা বেড়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর শেরেবাংলা নগর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় নব নিয়োগপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্সদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গার্মেন্টস ও বাজার খুলে দেওয়ায় সংক্রমণের সংখ্যা কিছুটা বেড়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে চললে এই সংখ্যা কমে আসবে।

অন্যান্য দেশের চেয়ে আমরা ভালো করছি। আমাদের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অন্যান্য দেশের চেয়ে অনেক কম বলেও জানিয়েছেন তিনি।

জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ১০ থেকে ১৫ দিনের মধ্যে আমরা দুই হাজার চিকিৎসক ও পাঁচ হাজার ৫৪ জন নার্সকে নিয়োগ দিয়েছি। নিয়োগ-প্রক্রিয়া স্বাভাবিকভাবে চললে ১০ থেকে ১৫ মাসের মধ্যে এটি সম্পূর্ণ হতো। সবার পরিশ্রমেই নিয়োগ প্রক্রিয়া দ্রুত করা সম্ভব হয়েছে। তাই সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করব এবং এই যুদ্ধে জয়লাভ করব।

মন্ত্রী বলেন, মানুষ অসহায় হয়ে চিকিৎসকদের কাছে আসে। তাই চিকিৎসক-নার্সদের উচিত রোগীদের পাশে দাঁড়ানো। রোগীদের মানসিকভাবে শক্তি বাড়ানো আপনাদের দায়িত্ব।

করোনা প্রাদুর্ভাবের কারণে অনেকগুলো কোভিড-১৯ হাসপাতাল তৈরি হয়েছে। জেলা-উপজেলা পর্যায়েও করা হয়েছে। এসব হাসপাতালে ভর্তি রোগীদের সেবা দেওয়ার জন্য সিনিয়র স্টাফ নার্সদের নির্দেশ দেন মন্ত্রী। শুধু করোনা রোগী নয়, সবাইকেই সেবা দেওয়া এবং নিজেদের সুরক্ষিত রাখতেও আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Related Articles

Leave a Reply

Back to top button