বাংলাদেশ

গার্ড অব অনারসহ বর্ণাঢ্য আয়োজনে আবদুল হামিদকে বিদায়

টানা দুই মেয়াদে ১০ বছরের বেশি সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে বঙ্গভবন থেকে বিদায় নিলেন মো. আবদুল হামিদ।

সোমবার (২৪ এপ্রিল) বিদায় অনুষ্ঠানের শুরুতেই আবদুল হামিদকে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল গ্রাউন্ডে ‘গার্ড অব অনার’ দেয়া হয়। পরে ফুলে সজ্জিত একটি খোলা জিপে ফোয়ারা এলাকা থেকে প্রধান ফটকের দিকে যাত্রা করেন রাষ্ট্রপতি। এ সময় তার গাড়ির সামনে ছিল পুলিশের বিশেষ অশ্বারোহী দল। বঙ্গভবনের কর্মকর্তারা গাড়ির সামনে রশি বেঁধে রাষ্ট্রপতির গাড়ি টেনে নিয়ে যান মূল ফটক পর্যন্ত। এসময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে ফুলের পাপড়ি ছিটিয়ে রাষ্ট্রপতিকে বিদায় জানান বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীরা।

বাংলাদেশের ৫২ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রপতির বিদায়ের দিনে এমন সংবর্ধনাপূর্ণ বিদায় আয়োজন করা হয়েছে। এর আগে, কোনো রাষ্ট্রপতিকে নিজেদের আয়োজনে বিদায় জানানোর সুযোগ হয়নি বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের।

তাঁর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আগে প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশের মানুষকে ভালোবেসে রাজনীতি করতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘রাজনীতিবিদদেরকে দেশের মানুষকে ভালোবেসে রাজনীতি করা উচিত। তাহলেই রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে’।

বিদায়ী রাষ্ট্রপতি বলেন, দেশের মানুষকে ভালবেসেই তিনি সারা জীবন রাজনীতি করে গেছেন। মানুষের ভালবাসায় তিনি সিক্ত হয়েছেন।

নিজেকে উপমহাদেশের রেকর্ড সৃষ্টিকারী রাষ্ট্রপতি উল্লেখ করে বলেন, টানা দুই মেয়াদে ১০ বছর মানুষের ভালোবাসায় তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ভারপ্রাপ্ত এবং চলতি দায়িত্বে হিসেবে আরো ৪১ দিন তিনি রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি দায়িত্ব পালন শেষে তিনি আর কোন রাজনীতিতে যুক্ত হবেন না। আবদুল হামিদ বলেন, দেশের মানুষ আমাকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। মানুষের সেই সম্মান তিনি অটুট রাখতে চান।

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি বলেন, তিনি অবসর জীবন বই পড়ে ও লেখালেখি করে কাটাবেন। তবে নতুন করে আর কোন রাজনীতিতে জড়াবেন না।

Related Articles

Leave a Reply

Back to top button