উৎসাহ উদ্দীপনায় ‘কানাডা ডে’ উদযাপন

১ জুলাই মাল্টিকালচারিজমের দেশ কানাডার ১৫৪তম জন্মদিন। বিশ্বের বিভিন্ন দেশ প্রতি বছর ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করে দিনটি। আর এর সঙ্গে যোগ হন প্রবাসী বাঙালিরাও। এবারো বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপন করা হয়েছে কানাডার জন্মদিন।
১৯৭১ সালে কানাডাই বিশ্বের প্রথম দেশ হিসেবে ঘোষণা দেয় মাল্টিকালচারিজমের, যার মূলমন্ত্র হলো সব নাগরিকের থাকবে সমান অধিকার ও দায়িত্ব। যার ফলে দেশটির জন্মলগ্ন থেকে এ পর্যন্ত ১৭ মিলিয়নের বেশি লোক অভিবাসী হয়ে স্থায়ীভাবে বসবাস করছে। কানাডা শান্তি রক্ষায় সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
আয়তনের দিক থেকে কানাডা ৯ হাজার ৯শত ৮৫ মিলিয়ন কিলোমিটার হলেও জনসংখ্যা মাত্র ৩৬ মিলিয়ন। যার রয়েছে ১০টি প্রভিন্স এবং ৩টি টেরিটোরিজ। কানাডার ইমিগ্রেশন সংস্থার হিসাব অনুযায়ী প্রতি বছর প্রায় আড়াই লাখ অভিবাসনপ্রত্যাশী পাড়ি দেয় কানাডায়।

বৈশ্বিক মহামারি করোনার কারণে গত বছর কানাডার কোনো প্রভিন্সেই কানাডা ডে উদযাপিত হয়নি। আলবার্টায় ১ জুলাই থেকে সবধরনের স্বাস্থ্যবিধি প্রত্যাহার করা হয়েছে। এখানে ইতোমধ্যেই ৭০ শতাংশ নাগরিককে টিকা দেয়া হয়েছে। অন্যদিকে কানাডার জনস্বাস্থ্য সংস্থা বলছে দুটি টিকা সম্পন্ন গ্রহণকারীরা এখন আলিঙ্গন করতে পারবে।

দিনটি উপলক্ষে কানাডার ক্যালগেরির স্থানীয় জেনেসিস সেন্টার, প্রেইরি উন্ডসপার্ক, রকিভিউ অ্যালায়েন্স, ডাউন টাউনসহ ক্যালগ্যারির বিভিন্ন স্থানে বছর প্রচুর সংখ্যক লোকের সমাগম ঘটে।
বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ছিল কানাডা ডে এর কেক কাটা, ফায়ারওয়ার্কস, জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন, সঙ্গীতানুষ্ঠান এবং আলোচনা সভা।
দিবসটি উপলক্ষে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং আলবার্টা প্রিমিয়ার জেসন কেনী পৃথক পৃথক শুভেচ্ছা বাণী দিয়েছেন।



