খালেদা জিয়ার অবস্থা ‘স্থিতিশীল’, জ্বর উঠানামা করছে

করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘ভালো ও স্থিতিশীল’ রয়েছে জানিয়েছেন তাঁর চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
তিনি জানান, ‘গত তিন দিন ধরেই তার শরীরে জ্বর উঠানামা করছিল। শনিবার (১৭ এপ্রিল) সারা দিন জ্বর আসেনি। কিন্তু সন্ধ্যার পর একটু জ্বর ছিল (১০০.২ ডিগ্রি)। তবে শরীরের পালস, ব্লাড প্রেসার সবকিছুই স্বাভাবিক রয়েছে।’
শনিবার (১৭ এপ্রিল) রাতে গুলশানে বেগম জিয়ার বাসভবন থেকে বের হওয়ার পর গণমাধ্যমকে তিনি এসব তথ্য জানান।
ওইদিন রাত ৯টার দিকে গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন মেডিকেল টিম। সেখানে রাত পৌনে ১১টা পর্যন্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন তারা। এসময় লন্ডন থেকে বেগম জিয়ার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও নিউইয়র্ক থেকে আরেকজন চিকিৎসক অনলাইনে সেখানে যুক্ত হন।
সেখান থেকে বের হওয়ার পর ডা. এফ এম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়ার সে সিটি স্ক্যান রিপোর্ট সেটা খুবই সামান্য, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মাইল্ড বা মাইনর বলা হয়। এর বাইরে তাঁর অক্সিজেন স্যাচুরেশন সবসময় ভালো। যেটা ৯৮ বা ৯৭ এর মধ্যে ওঠানামা করছে। যা শরীরের জন্য খুবই ভালো।’
তিনি বলেন, ‘করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত বেগম জিয়াকে অক্সিজেন দেয়া লাগেনি। তিনি মানসিকভাবে খুবই স্ট্রং আছেন। উনার জন্য যে অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহার করছি তার ভালো ফলাফল পাচ্ছি বলে মনে হয়। নয় দিন অতিবাহিত হয়েছে। অর্থাৎ করোনার দ্বিতীয় সপ্তাহের কঠিন সময় পার করছি। কিন্তু এখন পর্যন্ত তার কোনও জটিল সমস্যা দেখা যায়নি।’
তিনি বলেন, ‘এই পুরো সপ্তাহ না যাওয়া পর্যন্ত আমাদের মধ্যে কোনও শিথিলতা দেখা দেবে না। এর মধ্যে কোনও জটিলতা কিংবা বিপদসংকেত পেলে আমরা তাৎক্ষণিক সে অনুযায়ী ব্যবস্থা নেবো।’



