করোনা সংক্রমণ: বাণিজ্য মেলা বন্ধের সুপারিশ

কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি, করোনাভাইরাসের সংক্রমণ আবারও বৃদ্ধির কারণে বাণিজ্য মেলা বন্ধের সুপারিশ করেছে। সেসঙ্গে আসন্ন বইমেলাও আরও পিছিয়ে দেওয়ার সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কারিগরি কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা।
তিনি বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ বাস্তবায়নে সরকারকে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পক্ষ থেকে আরও কঠোর হওয়ার সুপারিশ করা হয়েছে।
ডা. সহিদুল্লা বলেন, আমরা কয়েক দফায় সরকারকে বিধিনিষেধ কঠোর করার ব্যাপারে বলেছি। এখন শুধু বিধিনিষেধ দিলেই তো হবে না, এর বাস্তবায়ন ও কঠোর প্রয়োগ জরুরি।
তিনি আরো বলেন, ওমিক্রন প্রতিরোধে নতুন করে লকডাউন দিয়ে লাভ হবে না। এছাড়া এই মুহূর্তে হাসপাতালগুলোতেও তুলনামূলক রোগী কম। আমরা যখন দেখি হাসপাতালে রোগীর চাপ বেশি, চিকিৎসকদের ওপর চাপ তৈরি হচ্ছে, তখন লকডাউনের সুপারিশ করি। বলেন, লকডাউন দিলে জনজীবনে প্রভাব পড়বে, অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে; কাজেই লকডাউনের আগে যে কাজগুলো বেশি কার্যকর সে কাজগুলো যদি আমরা যথাযথভাবে করতে পারি, তাহলে করোনা নিয়ন্ত্রণে আনা সম্ভব।
আমাদের স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্ব দিতে হবে বলেও জানান কারিগরি কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা।



