
লিবিয়া থেকে ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে যাওয়ার পথে, ভূমধ্যসাগরে নৌকায় হাইপোথার্মিয়ায় (শরীরের তাপমাত্রা হ্রাস) আক্রান্ত হয়ে ৭ বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে।। খবর: রয়টার্সের।
মঙ্গলবার ইতালির অ্যাগ্রিজেনটো শহরের প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিও এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, কোস্টগার্ডের সদস্যরা ল্যাম্পেদুসার কাছে জনবসতিহীন দ্বীপ ল্যাম্পিওনের উপকূল থেকে ২৯ কিলোমিটার দূরে অভিবাসীদের নৌকাটি সারারাত ভাসতে দেখে অভিবাসীদের উদ্ধারে অভিযান পরিচালনা করেন। এই অবৈধ অভিবাসন এবং অভিবাসীদের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছেন বলেও জানান তিনি।
ল্যাম্পেদুসার মেয়র স্যালভাতোরে মার্তেল্লো ওই ৭ বাংলাদেশি অভিবাসীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেছেন, অভিবাসীদের বহনকারী ওই নৌকায় অন্তত ২৮০ জন ছিলেন, যাদের বেশিরভাগই বাংলাদেশ এবং মিসরের নাগরিক।



