বাংলাদেশ

করোনা মোকাবেলায় বৈশ্বিক সহযোগিতা আরো বাড়ানো দরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, করোনা মহামারির এ কঠিন সময়ে বৈশ্বিক সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

কাতার ইকোনমিক ফোরামে দেয়া এক ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনব্যাপী এই ভার্চুয়াল অনুষ্ঠানে মঙ্গলবার তার ভাষণ সম্প্রচার করা হয়। ব্লুমবার্গের সহায়তায় এই অনুষ্ঠান সোমবার শুরু হয়।

প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশগুলো এবং এলডিসিভুক্ত দেশগুলোর যাদের সক্ষমতা রয়েছে, তাদের এই টিকা তৈরির জন্য প্রয়োজনীয় সহায়তা দেয়া উচিত।

তিনি বলেন, মহামারির এ সময়ে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতের সঙ্কটগুলো দক্ষতার সঙ্গে মোকাবিলার জন্য নিজেদের প্রস্তুত করা যাবে- এমন এক প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে কাতার অর্থনৈতিক ফোরাম।

এ সময় স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উঠতে যাওয়া বাংলাদেশের মতো দেশগুলোর উত্তরণের পথে মহামারির প্রভাবে যেন ছিটকে না পড়ে, সে জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকার প্রধান প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্য অর্জনে আরও উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে এগোনোর আহ্বান জানান।

বিশ্ব বাণিজ্য ও রফতানি আয় আগের অবস্থায় ফেরাতে সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করে সেসব ক্ষেত্রে সহায়তা দেয়ার কথা বলেন শেখ হাসিনা। মহামারিতে ক্ষতিগ্রস্ত অভিবাসী শ্রমিকদের অবস্থা ফেরাতে কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সরকার, ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related Articles

Leave a Reply

Back to top button