বাংলাদেশ

করোনা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনে আশার আলো দেখাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোভিড-১৯ মহামারির কারণে বিশ্ব শতাব্দির অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। স্বাস্থ্য-সংক্রান্ত সমস্যার পাশাপাশি এই ভাইরাস আমাদের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তবে মহামারিটি জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক সম্পদের জন্য ক্রমবর্ধমান প্রতিযোগিতা মোকাবিলার বিশ্বব্যাপী প্রচেষ্টার পরিবর্তনে কিছু আশার আলো দেখিয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসক্যাপ) ৭৬তম অধিবেশনে ভিডিও বার্তায় তিনি এক ভাষণে এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী, করোনা ভাইরাস মহামারির বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে লড়াইয়ের আহ্বান পুনর্ব্যক্ত করেন।

প্রথমবারের মতো কোভিড-১৯ মহামারির মধ্যে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অধিবেশনটি অনুষ্ঠিত হয়। কমিশনের ৭৬তম অধিবেশনের মূল প্রতিপাদ্য টেকসই উন্নয়নের জন্য মহাসাগরে অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত সহযোগিতা প্রচার।

ব্যাংককে চলমান এই অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেয়া ও মূল বক্তব্য দেয়ার কথা ছিল। তবে করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হওয়ায় প্রধানমন্ত্রী ভিডিও বার্তায় তার বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী তাঁর দেয়া বক্তব্যে এসক্যাপের সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে তিনটি মৌলিক সমুদ্র ইস্যুও প্রস্তাব করেন।

এরমধ্যে প্রথমত, সবুজ অর্থনীতির উন্নত দেশগুলো থেকে জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির জন্য সমর্থন।

দ্বিতীয়ত, আঞ্জলিকভাবে মাছের উৎপাদন বৃদ্ধি এবং অবৈধ, অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত ফিশিং প্রতিরোধ ও নির্মূলের ক্ষেত্রে সাধারণ প্ল্যাটফর্ম নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে মৎস উন্নয়নের ওপর যৌথ গবেষণা এবং সবশেষটি হলো সমুদ্র উপকূলীয় আবাস এবং জীববৈচিত্র সুরক্ষা সংস্থান শনাক্তকরণ এবং মানচিত্র ও পরিচালনা শুরু করা।

Related Articles

Leave a Reply

Back to top button