করোনা ট্রাম্পকেও ছাড়ছে না, সাবধান দেশবাসী: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, ‘করোনা ট্রাম্পকেও ছাড়ছে না। এ ভাইরাস কাউকে ছাড়ছে না। তাই শুধু ভ্যাকসিনের মাধ্যমেই ঠেকানো যাবে তা নয়, সবাইকে সাবধানতা অবলম্বন করতেই হবে।
রবিবার (৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২০ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করতে পেরেছে। দেশে করোনা নিয়ন্ত্রণে রয়েছে বলেই আমি মনে করি। বাংলাদেশ সফলতার সঙ্গে কোভিড-১৯ মোকাবিলা করেছে।’
তিনি বলেন, ‘গত ৭-৮ মাস স্বাস্থ্য মন্ত্রণালয় একদিকে সফলতার সঙ্গে কোভিড মোকাবিলা করেছে, অন্যদিকে নন-কোভিড রোগীদেরও চিকিৎসা দিয়ে এসেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা গত ৬-৭ মাস ধরে কাজ করেছি। মৃত্যুর হারও কমে এসেছে।’
ভারত ও আমেরিকায় করোনা পরিস্থিতির উদাহরণ টেনে ডা. জাহিদ মালেক বলেন, আমেরিকাতে রোজ এক হাজার মানুষের মৃত্যু হচ্ছে, প্রতিদিন ২ লাখ মানুষ শনাক্ত হচ্ছেন। তাদের দেশের জনসংখ্যা আমাদের দ্বিগুণ। সেই হারে ধরলে আমাদের দেশে মৃত্যু হতো এক লাখের বেশি।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা সেসব মোকাবিলা করছি। কোভিড মোকাবিলার বিষয়টি মাথায় রেখেই আমরা কাজ করে গেছি। নন-কোভিডদেরও চিকিৎসা পুরোদমে চলছে। সব ধরনের কাজ হয়েছে।’



