বাংলাদেশ

অল্প সময়ে হলি আর্টিসান মামলা নিষ্পত্তি হবে : আইনমন্ত্রী

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলা অল্প সময়ে নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা নাকাতানি জেন’র নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ কথা বলেন মন্ত্রী। আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে বাংলাদেশের মানবাধিকার ও শ্রম অধিকার পরিস্থিতি, গার্মেন্টস শিল্পের কর্মপরিবেশ ও শ্রমিক নিরাপত্তা, হলি আর্টিসান মামলার অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আনিসুল হক বলেন, ‘সরকার সন্ত্রাসবাদের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। হলি আর্টিসানে সন্ত্রাসী হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতার কারণে সন্ত্রাসী কর্মকাণ্ড বর্তমানে অনেক কমেছে।’

আইনমন্ত্রী বলেন, ‘অধস্তন আদালতে যথাযথ প্রক্রিয়ায় এ মামলার বিচার সম্পন্ন হয়েছে। ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য বর্তমানে মামলাটি উচ্চ আদালতে আছে। সেখানে খুব অল্প সময়ে মামলা নিষ্পত্তি হবে।’

Related Articles

Leave a Reply

Back to top button